ফকিরহাটে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা-স্বর্ণ লুট

বাগেরহাটের ফকিরহাটে যুক্তরাষ্ট্রপ্রবাসী সঞ্জীব বোসের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা বাড়িতে ঢুকে ১০ ভরি স্বর্ণালংকার ও প্রায় এক লাখ টাকা লুট করে নিয়ে গেছে।
গত বুধবার দিবাগত রাতে ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের মূলঘর গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।
প্রবাসী সঞ্জীব বোসের মা শিখা রানী বোস জানান, গত বুধবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে আট থেকে দশজনের একটি ডাকাত দল ঘরের গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে আলমারি ভেঙে ১০ ভরি সোনার গয়না, নগদ এক লাখ দুই হাজার টাকা ও বিভিন্ন মালামাল নিয়ে যায়।
শিখা রানী বোস বলেন, ‘আমার স্বামী তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতেরা তাঁকে মারধর করে এবং অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে রাখে।’
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বলেন, ডাকাতির খবর শুনে পুলিশ ওই প্রবাসীর বাড়ি পরিদর্শন করেছে। এ ঘটনায় ওই পরিবারকে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।