ফকিরহাটে বিশ্ববিদ্যালয় ছাত্রকে কুপিয়ে জখম
বাগেরহাটের ফকিরহাটে বাড়ি ফেরার পথে মৃন্ময় মজুমদার (২৩) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত সোমবার গভীর রাতে ফকিরহাট উপজেলার পুঁটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৃন্ময় মজুমদার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুজীব বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও ফকিরহাটের মূলঘর ইউনিয়নের গুড়গুড়িয়া গ্রামের মৃত্যুঞ্জয় মজুমদারের ছেলে।
পরিবারের বরাত দিয়ে ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বলেন, সোমবার রাতে মৃন্ময় মজুমদার ঢাকা থেকে বাসে করে বাড়ির উদ্দেশে রওনা দেন। তিনি রাত দেড়টার দিকে ঢাকা-বাগেরহাট মহাসড়কের ফকিরহাট উপজেলার ফলতিতা মৎস্য আড়ত স্ট্যান্ডে নামেন। কিছুক্ষণ পরে তাঁর সামনে একটি ব্যাটারিচালিত ভ্যান এসে দাঁড়ায়। ভ্যানচালক তাঁকে নিয়ে গুড়গুড়িয়া গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে ওই ভ্যানচালক আরও তিনজন যাত্রী তোলেন। কিছুক্ষণ পরে ওই তিন যাত্রী ভ্যানচালককে দাঁড়াতে বলে বিশ্ববিদ্যালয় ছাত্র মৃন্ময়কে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। তাঁর কাছে থাকা দুটি মুঠোফোন সেট ও কিছু টাকা ছিনিয়ে নেয়। পরে তারা চলে যাওয়ার সময় মৃন্ময়কে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে রাস্তার ওপর ফেলে রাখে। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
কী কারণে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালিয়েছে তা খতিয়ে দেখে হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রফিকুল ইসলাম গাজী বলেন, মৃন্ময় মজুমদারের ঘাড়, হাত ও পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাঁর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।