ফকিরাপুল থেকে ১১ দিন ধরে যুবক নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফকিরাপুল এলাকা থেকে আবদুল আহাদ (২৮) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনি ফকিরাপুলের মালেক সাহেবের গলির ৯১ নম্বর বাসায় থাকতেন। ১১ ডিসেম্বর বিকেল সাড়ে চারটার দিকে ওই বাসা থেকে বের হওয়ার পর তাঁর খোঁজ মিলছে না। এ ঘটনায় আহাদের ভাই হোসেন আলী বাদী হয়ে মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডিতে বলা হয়, ছাপাখানা-সংক্রান্ত বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ২০১৩ সালে জাতীয় সংসদ নির্বাচনের সময় যানবাহনে আগুন দেওয়ার মামলায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল। তিন মাস কারাগারে থেকে তিনি জামিন পান। ফকিরাপুলে তিনি এক তরুণীর সঙ্গে থাকতেন। ওই তরুণী নিজেকে আহাদের স্ত্রী বলে দাবি করেন।

জিডিতে আরও বলা হয়, আহাদের গ্রামের বাড়ি মাগুরা সদর থানার সীতারামপুরে। তাঁর উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি, গায়ের রং শ্যামলা। বাসা থেকে বের হওয়ার সময় তাঁর পরনে ছিল প্যান্ট-শার্ট। তাঁর বাবার নাম জামাল মৃধা।

মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম রব্বানী গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ওই যুবকের খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনার তদন্ত চলছে।