ফকিরাপুলে ওয়াসার কার্যালয় ও খিলগাঁও স্কুলে দুদকের অভিযান

রাজধানীতে ওয়াসার একটি কার্যালয় ও খিলগাঁও উচ্চবিদ্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার সংস্থার দুটি দল এ অভিযান চালায়। দুদক জানিয়েছে, খিলগাঁও উচ্চবিদ্যালয়ে ব্যবহারিক পরীক্ষার নামে আদায় করা প্রায় দেড় লাখ টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করেছে স্কুল কর্তৃপক্ষ।

জানা গেছে, রাজধানীর খিলগাঁও উচ্চবিদ্যালয়ে ব্যবহারিক পরীক্ষায় বেশি নম্বর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করা হয়েছে বলে অভিযোগ আসে। অভিযোগ পেয়ে সহকারী পরিচালক মাহবুবুল আলমের নেতৃত্বে অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট দল। অভিযান চলার সময় অর্থ আদায়ের অভিযোগের সত্যতা যাচাই করে দলটি। অভিভাবক ও ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে অভিযোগটির সত্যতা পাওয়া যায়। দুদকের দলটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিষয়টি জানালে আগামী ৩ এপ্রিল আদায় করা দেড় লাখ টাকা ফেরত দেওয়ার জন্য নোটিশ জারি করেন তিনি।

ওয়াসার ফকিরাপুল মডস জোনে পানি কেনার সিরিয়াল ভেঙে ঘুষের বিনিময়ে ট্রাকের পানি বিক্রি করা হচ্ছে—এমন অভিযোগ পেয়ে অভিযান চালায় দুদকের আরেকটি দল। সহকারী পরিচালক জেসমিন আক্তারের নেতৃত্বে দলটি ফকিরাপুল পানির ট্যাংক এলাকায় ওয়াসার নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অভিযান চালায়। এ সময় পানির চাহিদাপত্র–সংবলিত রেজিস্টার যাচাই করে দেখা হয়। যেসব গ্রাহক পানির চাহিদা দিয়েছিলেন, তাঁদের সঙ্গে দুদক দল টেলিফোনে যোগাযোগ করে অভিযোগ সম্পর্কে তথ্য নেয়। এ সময় কিছু গ্রাহক রাস্তার নির্মাণকাজের জন্য এবং দূরত্বের জন্য ট্রাকের পানি পেতে দেরি হয় বলে জানান।

সরেজমিনে কয়েকটা বিল যাচাই-বাছাই করার পর দুদক দলের কাছে মনে হয়, মডস-৬ জোনে বেশির ভাগ ভবনে আবাসিক ও বাণিজ্যিক কার্যক্রম একই সঙ্গে চলছে। কিন্তু তাদের মিটার একটি এবং বিল আসে পানির ব্যবহারকে সমানুপাতে হিসাব করে। এসব ভবনে আবাসিকের এবং বাণিজ্যিকের জন্য আলাদা কোনো মিটারের ব্যবস্থা নেই। দায়িত্বরত উপপ্রধান রাজস্ব কর্মকর্তার কাছে এ বিষয়ে জানতে চায় দুদকের দল। তখন তিনি জানান, কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিলেই তাঁরা আলাদাভাবে একই ভবনে সাব মিটার বসাতে পারবেন। দুদক দলটি মিটারের পদ্ধতি আধুনিকায়নের জন্য কিছু সুপারিশ ও নির্দেশনামূলক অনুরোধ করে।