নাশকতার একাধিক মামলার চার আসামি আদালত থেকে জামিনে মুক্তি পান। এরপর গত মঙ্গলবার রাত নয়টার দিকে জয়পুরহাট জেলা কারাগার থেকে তাঁরা বেরিয়ে আসেন। কিন্তু ফটকের সামনে থেকে তাঁদের গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয় বলে দুই স্বজন অভিযোগ করেছেন।
ওই চারজন হলেন সদর উপজেলার হাটুভাঙ্গা গ্রামের শাহ আলম; মিটনা গ্রামের নাহিদুল ইসলাম; দন্ডপানি গ্রামের রবিউল ইসলাম ও মাসুদ হোসেন। তাঁদের মধ্যে শাহ আলম জামায়াতের সাবেক নেতা। অন্য তিনজন জামায়াতের কর্মী-সমর্থক।
গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা আইনজীবী সমিতির ভবনের বারান্দায় শাহ আলমের স্ত্রী জীবন নাহার ও নাহিদুল ইসলামের ছোট বোন নাহিদা বেগম প্রথম আলোকে বলেন, মঙ্গলবার ওই চারজনই জামিন পান। রাত নয়টার দিকে কারাগার থেকে বের হন। কারা ফটকের সামনে থেকে ডিবি পরিচয় দিয়ে সাদাপোশাকধারী একদল লোক কালো রঙের একটি মাইক্রোবাসে তাঁদের তুলে নিয়ে যায়। এখনো তাঁদের কোনো খোঁজখবর পাওয়া যায়নি। এ নিয়ে স্বজনেরা দুশ্চিন্তায় আছেন।
জীবন নাহার বলেন, তাঁর স্বামী শাহ আলম হাটুভাঙ্গা গ্রামের দাখিল মাদ্রাসার সুপার। তাঁর বিরুদ্ধে নাশকতার সাতটি মামলা রয়েছে। এসব মামলায় প্রায় আট মাস ধরে কারাগারে ছিলেন। এক এক করে তাঁর স্বামী জামিন পান। গত মঙ্গলবার শেষ মামলার জামিন হয়। এ-সংক্রান্ত কাগজপত্র গেলে কারাগার থেকে শাহ আলম বেরিয়ে আসেন। এ সময় অন্য তিনজনও তাঁর সঙ্গে ছিলেন। কিন্তু ফটক দিয়ে বেরোনোর পর চারজনকেই ডিবি পরিচয়ে মাইক্রোবাসে তোলা হয়।
নাহিদুল ইসলামের ছোট বোন নাহিদা বেগম বলেন, তাঁর ভাইসহ সবার বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা আছে। ডিবি পরিচয় দিয়ে চার-পাঁচজনের দলটি তাঁদের মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। ডিবির কথা বলায় ভয়ে পুলিশের কাছে খোঁজ করতে যাননি বা থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেননি। কিন্তু এখন ভাই বেঁচে আছেন কি না, এই দুশ্চিন্তা তাঁকে তাড়া করছে।
জানতে চাইলে পুলিশ সুপার মো. রশীদুল হাসান মুঠোফোনে বলেন, এ রকম বিষয় তাঁর জানা নেই।
জেলা ডিবির পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।