ফটিকছড়িতে অবৈধ যানবাহনের ছড়াছড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অবৈধ সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ছড়াছড়িতে অতিষ্ঠ সাধারণ মানুষ। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ভারতীয় সীমান্ত থেকে মাদক পরিবহনে এসব বাহন ব্যবহার করা হচ্ছে বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, এসব অবৈধ যানবাহন আটকে আইন প্রয়োগকারী সংস্থা ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কোনো ব্যবস্থা নিচ্ছে না।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার বাগান বাজার, রামগড়, ডলু, হেঁয়াকো, নারায়ণহাট, মীর্জারহাট, কাজীরহাট, শান্তিরহাট, করেরহাট, বৃন্দাবনহাট, নাজিরহাট, নানুপুর ও আজাদীবাজার এলাকায় শত শত সিএনজি অটোরিকশা দাঁড়িয়ে আছে। এসব বাহনের বেশির ভাগই অবৈধ। অবৈধ ওই বাহনের পেছনে ও সামনে ‘চট্টগ্রাম-থ-১২’ ও ‘চট্টগ্রাম-থ-১৩’ লাগিয়ে সড়কে চলাচল করছে। একই অবস্থা মোটরসাইকেলের ক্ষেত্রেও। উপজেলা ও গ্রামের বিভিন্ন সড়কে নম্বরবিহীন অনেক মোটরসাইকেল দেখা গেছে। এসব বাহনের পেছনে ‘অন টেস্ট’ বা ‘এএফআর’ লেখা হয়েছে।
উপজেলার কাজীরহাট থেকে হেঁয়াকো পর্যন্ত অটোরিকশা চালান গুরা মিয়া ও মো. সেকান্দর। তাঁরা বলেন, ‘সরকার অটোরিকশার নিবন্ধন বন্ধ রাখায় আমাদের গাড়ি বৈধ হতে পারছে না। অবিলম্বে ওই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হোক। ২০১৩ সালের জুন মাস থেকে অটোরিকশার নিবন্ধন দেওয়া বন্ধ রয়েছে।’
গাড়ির একাধিক গ্যারেজের মালিক নাম প্রকাশ না করে জানান, একই নম্বর ব্যবহার করে উপজেলার নাজিরহাট থেকে চট্টগ্রাম নগরের অক্সিজেন, বিবিরহাট থেকে ভূজপুর-হেঁয়াকো পর্যন্ত দুটি অটোরিকশা যাত্রী আনা-নেওয়া করছে।
বিআরটিএর চট্টগ্রাম শাখা সূত্রে জানা যায়, জেলায় প্রায় ১২ হাজার অটোরিকশা এবং ২৮ হাজার মোটরসাইকেলের অনুমোদন রয়েছে। কিন্তু সড়কে প্রায় দ্বিগুণের বেশি অটোরিকশা ও মোটরসাইকেল চলছে।
বিআরটিএ চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক (মোটরযান পরিদর্শক) মো. মামুনুর রশিদ জানান, লোকবলের অভাবে নিয়মিত অবৈধ যানবাহন ধরা যাচ্ছে না। মাঝেমধ্যে ভ্রাম্যমাণ আদালত কিছু অবৈধ বাহন আটক করেন। পুলিশি তৎপরতা জোরদার হলেই অবৈধ এসব বাহন আটক করা সম্ভব।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মফিজ উদ্দিন জানান, উপজেলার প্রধান বাজারগুলোতে অভিযান চালিয়ে পুলিশ কয়েকবার অবৈধ মোটরসাইকেল আটক করেছে। এসব গাড়িতে করে রামগড় হয়ে ভারতীয় সীমান্তবর্তী এলাকায় গিয়ে মাদকসেবীরা মাদক নিয়ে আসে।