ফটিকছড়িতে কৃষক খুন
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে মুহাম্মদ শফিউল আজম (৫০) নামের এক কৃষক খুন হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে উত্তর হাজিরখীল গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী হামলাকারী মো. আলাউদ্দিনকে (৩৫) ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মো. আলাউদ্দিনের সঙ্গে শফিউলের অনেকদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সকাল আটটার দিকে খেতের মাঠে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে শফিউলের ওপর চড়াও হয়ে আলাউদ্দিন ছুরি দিয়ে একের পর এক আঘাত করলে তিনি মারা যান। পরে আলাউদ্দিন সেখান থেকে পালানোর চেষ্টা করলে লোকজন তাঁকে আটক করে পুলিশে দেয়।
নিহত শফিউলের ছেলে মুহাম্মদ নাজিম উদ্দিনের অভিযোগ, ‘খুনি আলাউদ্দিন দীর্ঘ দিন আমাদের বন্দোবস্ত পাওয়া সম্পত্তি জবরদখল করে ভোগ করতে মরিয়া হয়ে উঠেছিল। নানান অজুহাতে সে আমাদের পরিবারের ওপর নির্যাতন চালায়। এরই অংশ হিসেবে সে আমার বাবাকে নির্মমভাবে খুন করে।’
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল কবির প্রথম আলোকে বলেন, ‘লাশের সুরতহাল তৈরির কাজ চলছে। এলাকাবাসীর সহায়তায় খুনি আলাউদ্দিনকে আটক করা হয়েছে।’