ফটিকছড়িতে গণপিটুনিতে এক ডাকাত নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়িতে আবারও গণপিটুনিতে ডাকাত নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে সমিতিরহাট ইউনিয়নের উত্তর নিশ্চিন্তাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
ফটিকছড়ি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আরিফুল ইসলাম জানান, গতকাল ভোর সাড়ে তিনটায় ওই গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল চার-পাঁচজনের একটি ডাকাত দল। এলাকার লোকজন ডাকাতদের ধাওয়া করে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই এক ডাকাত নিহত হয়। অন্যরা পালিয়ে যায়। নিহত ডাকাতের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় লোকজন জানান, ওই এলাকায় দীর্ঘদিন ধরে নিয়মিত ডাকাতির ঘটনা ঘটে আসছিল। ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয় লোকজন বিভিন্ন গ্রামে পালা করে রাত জেগে পাহারা দেওয়ার ব্যবস্থা করে।
নিশ্চিন্তাপুর গ্রামের মুহাম্মদ নেজাম উদ্দিন জানান, গত দুই মাসে এলাকায় বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটে। ৩ মার্চ ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় এক ডাকাত নিহত হয়। ১১ মার্চ উপজেলার উত্তর পাইন্দং গ্রামে ডাকাত সর্দার ওসমানসহ দুজনকে পিটিয়ে হত্যা করে জনতা। পুলিশের টহল জোরদার করা হলেও ডাকাতির ঘটনা কমেনি। বাধ্য হয়ে ডাকাতের কবল থেকে বাঁচতে গ্রামে নিয়মিত রাত জেগে পাহারার ব্যবস্থা নেওয়া হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, গণপিটুনিতে নিহত ডাকাতের পরিচয় পাওয়া যায়নি। অন্য ডাকাতদের ধরতে অভিযান চালানো হবে।