ফটিকছড়িতে গণপিটুনিতে ডাকাত নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়িতে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার সমিতিরহাট ইউনিয়নের উত্তর নিশ্চিন্তাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে উত্তর নিশ্চিন্তাপুর গ্রামের প্রবাসী মুহাম্মদ রফিক উদ্দিনের ঘরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ৮-১০ জনের ডাকাত দল। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী মুঠোফোন ও স্থানীয় মসজিদের মাইকে ডাকাতির কথা প্রচার করে। পরে এলাকার শত শত মানুষ ডাকাতদের ধাওয়া করে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলে এক ডাকাত নিহত হয়। অন্যরা পালিয়ে যায়। নিহত ডাকাতের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় লোকজন জানান, এলাকায় ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় বেশ কিছুদিন ধরে গ্রামে পালা করে রাত জেগে পাহারা দেওয়া হচ্ছিল।
গ্রামের আমির হামজা নামের এক যুবক জানান, গত এক মাসে ওই এলাকায় কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে। গত ২৬ ফেব্রুয়ারি রাতেও গ্রামবাসীর হাতে এক ডাকাত ধরা পড়ে। তিনি আরও জানান, পুলিশের টহল জোরদার করা হলেও ডাকাতির ঘটনা কমেনি। বাধ্য হয়ে গ্রামবাসী ডাকাত ঠেকাতে রাত জেগে পাহারার ব্যবস্থা করে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন জানান, গণপিটুনিতের নিহত ডাকাতের পরিচয় পাওয়া যায়নি। গতকাল বুধবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, ডাকাতদের ধরতে অভিযান চলছে।