ফটিকছড়িতে গণপিটুনিতে তিন ডাকাত নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গণপিটুনিতে তিন ডাকাত নিহত হয়েছে। আজ বুধবার রাতে ফটিকছড়ির পাইন্দং গ্রামে গণপিটুনির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের গুলিতে এক যুবক আহত হন।

আহত যুবকের নাম আলী আকবর (১৮)। তাঁকে ফটিকছড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত তিন ডাকাতের মধ্যে মোহাম্মদ ওসমান নামে একজনের পরিচয় পাওয়া গেছে। অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে চারটি কার্তুজ, দুটি বন্দুক এবং কিছু স্বর্ণালংকার উদ্ধার করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছিল বলে পুলিশ জানিয়েছে।

একাধিক প্রত্যক্ষদর্শী জানান, আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাত-আটজন সশস্ত্র ডাকাত পাইন্দং সবুজবাগ এলাকার প্রবাসী মোহাম্মদ বদনের ঘরে ঢোকে। তারা সেখান থেকে স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল নিয়ে বেরিয়ে যায়। মোবাইল ফোনের মাধ্যমে ওই এলাকায় এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর এলাকায় ডাকাত পড়েছে বলে স্থানীয় বিভিন্ন মসজিদের মাইক থেকে ঘোষণা দেওয়া হয়। এরপর শত শত গ্রামবাসী ডাকাতদের ঘেরাও করে ফেলে।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ রফিক প্রথম আলোকে বলেন, গ্রামবাসী চারদিক থেকে ঘেরাও করে ফেললে ডাকাত সর্দার ওসমান সবুজবাগ প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পাশে একটি গাছে উঠে যায়। তখন এলাকাবাসী এগিয়ে গেলে ওসমান চার-পাঁচটি গুলি ছোড়ে। এতে আলী আকবর নামের এক যুবকের পায়ে গুলি লাগে। তিনি আরও বলেন, একপর্যায়ে পুলিশ এলে এলাকার লোকজন ওসমানকে গাছ থেকে নামিয়ে এনে পিটুনি দেয়। একই সময় অজ্ঞাত আরও দুই ডাকাতকে বিদ্যালয় মাঠে পিটুনি দেওয়া হয়। তিনজনই ঘটনাস্থলে মারা যায়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজউদ্দিন প্রথম আলোকে বলেন, ওসমানের বিরুদ্ধে ডাকাতি-ছিনতাইসহ সাতটি মামলা আছে। নিহত বাকি দুজনের পরিচয় বের করার চেষ্টা চলছে।