ফটিকছড়িতে গণপিটুনিতে রাতে তিন ডাকাত নিহত
চট্টগ্রামের ফটিকছড়িতে গণপিটুনিতে তিন ডাকাত নিহত হয়েছে। গতকাল বুধবার রাতে ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের উত্তর পাইন্দং গ্রামের সবুজবাগ প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পাশে এ গণপিটুনির ঘটনা ঘটে। ডাকাতদের গুলিতে গ্রামের এক যুবক আহত হয়েছেন।
পুলিশ ঘটনাস্থল থেকে চারটি কার্তুজসহ দুটি বন্দুক এবং লুণ্ঠিত কিছু স্বর্ণালংকার উদ্ধার করেছে।
নিহত ডাকাতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম মোহাম্মদ ওসমান (৪০)। তাঁর বাড়ি উত্তর পাইন্দং গ্রামে। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে ডাকাতি, ছিনতাইসহ সাতটি মামলা রয়েছে। অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি।
উত্তর পাইন্দং গ্রামে গত মাসেও দুবার ডাকাতির ঘটনা ঘটে বলে গ্রামবাসী জানিয়েছেন। ডাকাতদের গুলিতে আহত উত্তর পাইন্দং গ্রামের আলী আকবরকে (১৮) ফটিকছড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় সাত-আটজন সশস্ত্র ডাকাত পাইন্দং সবুজবাগ এলাকার প্রবাসী মোহাম্মদ বদনের ঘরে হানা দেয়। ঘর থেকে ডাকাতেরা স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল নিয়ে বেরিয়ে যায়। মুঠোফোনে এ খবর দ্রুত ছড়িয়ে পড়ে। বিভিন্ন মসজিদের মাইক থেকে ডাকাতির ঘটনা প্রচার করা হয়। এরপর শত শত গ্রামবাসী ডাকাতদের ঘেরাও করে।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ রফিক প্রথম আলোকে জানান, গ্রামবাসী চারদিক থেকে ঘেরাও করে ফেললে ডাকাত সর্দার ওসমান সবুজবাগ প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পাশে একটি গাছে উঠে যান। তখন এলাকাবাসী এগিয়ে গেলে ওসমান চার-পাঁচটি গুলি ছোড়েন। এতে আলী আকবর নামের এক যুবকের পায়ে গুলি লাগে। তিনি জানান, একপর্যায়ে পুলিশ এলে এলাকার লোকজন ওসমানকে গাছ থেকে নামিয়ে এনে পিটুনি দেয়। একই সময় অজ্ঞাত আরও দুই ডাকাতকে বিদ্যালয়ের মাঠে পিটুনি দেওয়া হয়। তিনজনই ঘটনাস্থলে মারা যান।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ডাকাত সর্দার ওসমানের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাইসহ সাতটি মামলা আছে। নিহত ওসমানের সহযোগী বাকি দুজনের পরিচয় আমরা বের করার চেষ্টা করছি। এ ব্যাপারে মামলা হবে।’