ফটিকছড়িতে চা-বাগানের দুই কর্মকর্তাকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দুই চা-বাগানের ব্যবস্থাপককে ডেকে নিয়ে মারধর করেছেন সশস্ত্র যুবকেরা।
গতকাল রোববার সকালে উপজেলার লেলাং ইউনিয়নের দুইধ্যাখোলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই কর্মকর্তা হলেন কর্ণফুলী চা-বাগানের ব্যবস্থাপক শাহনেওয়াজ মো. আহসান ভূঁইয়া এবং টেকবাড়িয়া চা-বাগানের ব্যবস্থাপক মো. ইলিয়াছ রহমান। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত শনিবার রাতে চা-বাগানের সীমানা নিয়ে বিরোধ সমাধানের আশ্বাস দিয়ে অমর চাকমা নামের এক ব্যক্তি মুঠোফোনে দুই ব্যবস্থাপককে ডেকে পাঠান। তাঁরা দুজন গতকাল রোববার সকাল ১০টায় অমর চাকমার সঙ্গে দেখা করতে যান। তাঁদের সঙ্গে ফটিকছড়ির লেলাং ইউপি সদস্য মুহাম্মদ আবুল হোসেনও ছিলেন।
ঘটনার বর্ণনা দিয়ে ইউপি সদস্য মুহাম্মদ আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘রোববার সকাল সাড়ে ১০টায় আমরা অমর চাকমার কাছে পৌঁছাই। আগে থেকেই সেখানে অবস্থান করা ১৫-২০ যুবক দুই ব্যবস্থাপককে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি মারতে থাকে। একপর্যায়ে লাঠি দিয়ে দুজনকে বেদম পেটানো হয়। পাহাড়ি সন্ত্রাসীরা চা-বাগানের দুই ব্যবস্থাপকের মুঠোফোনও কেড়ে নেয় এবং তাঁদের মোটরসাইকেলটি ভাঙচুর করে।’
আহত ব্যবস্থাপক মো. ইলিয়াছ রহমান প্রথম আলোকে বলেন, এর আগেও তাঁদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিদ্যুৎ কুমার বড়ুয়া, কাঞ্চননগর বাইন্যাচ্ছোলা সেনাক্যাম্পের সার্জেন্ট মুহাম্মদ শহিদ উদ্দিন।
বিদ্যুৎ কুমার বড়ুয়া প্রথম আলোকে বলেন, এলাকার লোকজনের সঙ্গে কথা বলে এই সন্ত্রাসী ঘটনার সঙ্গে পাহাড়ি একটি সংগঠনের সদস্যদের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।