ফটিকছড়িতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়িতে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। গতকাল শনিবার উপজেলার রোসাংগিরী উচ্চবিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র এ কথা জানিয়েছে।
আহত ব্যক্তিরা হলেন মঞ্জুরুল আলম (২২), কানন (২৭), শাহীন (২১), সোহাগ (২৩) ও মুহাম্মদ মনজু (২৭)। মঞ্জুরুল রডের আঘাতে গুরুতর আহত হন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা লাঠিসোঁটার আঘাতে আহত হন।
রোসাংগিরী উচ্চবিদ্যালয়ের এক শিক্ষার্থী জানায়, গতকাল এক ছাত্রী প্রতিদিনের মতো মেঠোপথ ধরে বিদ্যালয়ে যাচ্ছিল। এ সময় স্থানীয় ছাত্রলীগের একটি পক্ষের কয়েকজন তাকে উত্ত্যক্ত করে। ওই সময় ছাত্রলীগের আরেকপক্ষের কয়েকজন কর্মী এর প্রতিবাদ জানায়। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাহেদুল আলম বলেন, এ ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। কিন্তু তার আগেই ছাত্রলীগের দুই পক্ষের লোকজন সটকে পড়ে। তিনি বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।