ফটিকছড়িতে ডাকাতি নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট
দরজা কেটে ঘরে ঢুকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে চট্টগ্রামের ফটিকছড়িতে। মুখোশধারী ডাকাতেরা অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সবাইকে একটি কক্ষে আটকে রাখে। এ সময় বাধা দিতে চাইলে ডাকাতদের হামলায় আহত হন একজন। পরে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় তারা। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার পাইন্দং ইউনিয়নের ভেড়াজালি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে সাবেক ইউপি সদস্য জাবেদুল আলমের ঘরের দরজা কেটে ঘরে ঢোকে ১০-১২ জনের মুখোশধারী সশস্ত্র ডাকাত। তারা পরিবারের ছয় সদস্যকে বেঁধে ঘরের একটি কক্ষে আটকে রাখে। পরে নগদ টাকা, কয়েক ভরি স্বর্ণালংকার ও মুঠোফোন নিয়ে যায়। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে ওই পরিবারের সদস্য মো. ফরহাদ আহত হয়েছেন।
ডাকাতির শিকার ওই পরিবারের সদস্য মোহাম্মদ ওসমান বলেন, ‘ডাকাতেরা ছিল মুখোশধারী। তাদের হাতে আগ্নেয়াস্ত্র ও ছুরি-চাপাতি ছিল।’
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) বিদ্যুৎ কুমার বড়ুয়া বলেন, গতকাল সকালে তিনি ওই বাড়িতে যান। ডাকাতির ঘটনায় থানায় মামলা হয়েছে।