দুই পক্ষ পাল্টাপাল্টি খেলার আয়োজন করায় গতকাল শুক্রবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার শাহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। গতকাল সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত বিদ্যালয় মাঠে ১৪৪ ধারা জারি ছিল।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, স্থানীয় একটি পক্ষ গতকাল বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলার আয়োজন করে। একই দিন একই মাঠে আরেক পক্ষ ফুটবল খেলার আয়োজন করে। দুই পক্ষই আওয়ামী লীগের নেতাদের অতিথি হিসেবে দাওয়াত করে। খেলার আয়োজক দুই পক্ষ অনুমতি চেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে আবেদন করে। কিন্তু কর্তৃপক্ষ কোনো পক্ষকেই খেলার অনুমতি দেয়নি।
সূত্র জানায়, একই দিন দুই পক্ষের খেলার আয়োজনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম ১৪৪ ধারা জারি করেন।
ইউএনও জানান, সহিংসতা এড়াতে সকাল থেকে রাত পর্যন্ত শাহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি ছিল।