চট্টগ্রামের ফটিকছড়ির হারুয়ালছড়ি গ্রামের ত্রিপুরাপাড়া থেকে গতকাল সোমবার এক নারী ও তাঁর শিশুকন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে ওই নারী বিষ খাইয়ে মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
মৃত ব্যক্তিরা হলেন কামসু বালা ত্রিপুরা (২৮) ও তাঁর দেড় বছর বয়সী শিশুকন্যা নূপুর রানী ত্রিপুরা।
হারুয়ালছড়ি ইউপি সদস্য মুহাম্মদ আইয়ুব এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে বলেন, তিন বছর আগে ওই এলাকার রূপন ত্রিপুরার সঙ্গে কামসু বালার বিয়ে হয়। বিয়ের পর প্রায়ই তাঁদের মধ্যে ঝগড়া-বিবাদ হতো। রোববার রাত সাড়ে আটটার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদের একপর্যায়ে কামসু বালা শিশুকন্যা নূপুরকে রাগের মাথায় বিষ খাইয়ে দেন। এ সময় সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। পরে রাতের কোনো একসময় কামসু বালাও বিষপানে আত্মহত্যা করেন।
উপজেলার ভূজপুর থানার ওসি এ কে এম লেয়াকত আলী বলেন, ‘পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে। ঘটনার পর থেকে স্বামী রূপন পলাতক। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।’