মাদক রয়েছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের ফটিকছড়ির ফরহাদাবাদের একটি বাড়িতে পুলিশের চালানো অভিযানে মাদকের পাশাপাশি বিপুল পরিমাণে অস্ত্র পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে পুলিশ বাড়িটি ঘেরাও করে অভিযান চালায়। এ সময় বাড়ির মালিক পালিয়ে গেলেও তাঁর স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ছাড়া চট্টগ্রামের সাতকানিয়া ও সীতাকুণ্ডে ‘ব্লক রেইড’ দিয়ে ৭৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফটিকছড়ির ওই বাড়ি থেকে একটি কাটা রাইফেল, দুটি এলজি, একটি একনলা বন্দুক, একটি এয়ারগান, একটি চাপাতি, তিনটি ছোরা এবং ১২টি গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় ৪০০ ইয়াবা বড়ি, ৩ বোতল ফেনসিডিল, ৯ কেজি গাঁজা এবং ৪৭ হাজার ২৬৫ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাড়ির মালিক শফিউল আজমের স্ত্রী সাজু আক্তার (৩৮), হাটহাজারী উপজেলার কাটিরহাট এলাকার মো. মন্নান মিয়া (৩৩) ও ফটিকছড়ির কুম্বারপাড়া এলাকার মো. রাশেদ (১৫)।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) নুরেআলম মিনা গতকাল শুক্রবার বিকেলে তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, শফিউল আলমের বাড়িতে মাদক উদ্ধার করতে গিয়ে অস্ত্রশস্ত্রও পাওয়া গেছে। অস্ত্র ও মাদকের মালিক শফিউল। অভিযান টের পেয়ে তিনি পালিয়ে যান। তাঁকে ধরার চেষ্টা চলছে। তিনি বলেন, শফিউলের বিরুদ্ধে হত্যা, মাদক ও ডাকাতির মামলা রয়েছে।
ব্লক রেইড: বৃহস্পতিবার দিবাগত রাতে ব্লক রেইড দিয়ে পুলিশ ফটিকছড়ি থেকে আরও ২ জন, সীতাকুণ্ড থেকে ২৩ জন এবং সাতকানিয়া থেকে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে। সাতকানিয়ায় ৪৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ৩ জনের বিরুদ্ধে সাজা পরোয়ানা এবং বাকিরা নিয়মিত মামলার আসামি বলে এসপি জানিয়েছেন। সাতকানিয়ার ব্লক রেইড অভিযানে ১২০ পুলিশ সদস্য অংশ নেন।