ফটিকছড়িতে সওজের জমি দখল করে দোকান নির্মাণ
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট বাজারে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের জমি বেদখল হয়ে যাচ্ছে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা মালিকানা দাবি করে এসব জমিতে দোকান নির্মাণ করছেন। কয়েকজন দোকান তৈরিও করেছেন।
উপজেলার রোসাংগিরী ইউনিয়ন পরিষদের সচিব মুহাম্মদ জাকারিয়া সিকদার অভিযোগ করেন, সরকারি জমি দখলের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সওজের প্রকৌশলীকে অবহিত করার পরও তাঁরা ব্যবস্থা নিচ্ছেন না।
ইউএনও মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, দোকান নির্মাণের সত্যতা পাওয়া গেছে। বিষয়টি সওজ অধিদপ্তরকে জানানো হয়েছে। ভূমি কার্যালয় দখলদারদের নামে নোটিশও দিয়েছে। তবে কয়েকজন দখলদার জমির কিছু অংশের মালিকানা দাবি করেছেন। পরিমাপ করে ব্যবস্থা নেওয়া হবে।
সওজ কার্যালয় সূত্রমতে, সড়কের জন্য ১৯৬৩ সালে ওই সম্পত্তি সওজের নামে হুকুম দখল করা হয়। শুরু থেকে ফাঁকা থাকলেও জনবসতি বাড়ায় ক্রমে সেখানে অবৈধভাবে দোকানপাট তুলে স্থানীয় আওয়ামী লীগ-বিএনপির নেতা-কর্মীরা দখল করে নেয়। চলতি বছরের জুলাই মাসে উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান চালায়। এ সময় এলাকাটি দখলমুক্ত করা হলেও বর্তমানে পুনরায় দখলবাজেরা সেখানে দোকানপাট তুলতে শুরু করেন।
সওজের উপসহকারী প্রকৌশলী মো. রবিউল হোসেন বলেন, ব্যস্ততম এলাকার আশপাশের এসব জায়গা ফাঁকা পড়ে থাকায় বেদখল হচ্ছে। ভূমি কার্যালয় থেকে সার্ভেয়ার পাঠিয়ে দখলদারদের নামের তালিকা সংগ্রহ করে প্রত্যেককে নোটিশ দেওয়া হয়েছে।
সওজের ওই সম্পত্তির মালিকানা দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ী আবুল হোসেন সওদাগর।
আবুল হোসেন সওদাগর বলেন, সরকারি সম্পত্তি দখলের অভিযোগ সঠিক নয়। রেকর্ডের মালিকের কাছ থেকে ওই জমি কেনা হয়েছে। মালিকানার প্রয়োজনীয় কাগজপত্র তাঁর কাছে আছে।
সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের পাশে এসব জমির কিছু অংশে ইতিমধ্যে প্রায় ১০০ ফুট পর্যন্ত চারটি টিনের বেড়ার দোকানঘর নির্মাণ করা হয়েছে। অন্যদিকে দরবার সড়কের উভয় পাশে পাঁচটি দোকানের কাজ চলছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাতের অন্ধকারে এসব দোকানের কাজ করা হচ্ছে।
দৌলতপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজ বলেন, ‘ওই সম্পত্তির মালিক সওজ। কিন্তু উচ্ছেদের পর থেকে এসব ফাঁকা পড়ে থাকায় লোকজন দখল করে নিচ্ছে।’