ফটিকছড়ির অপহৃত শিশু বহদ্দারহাট থেকে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি থেকে অপহরণের তিন দিন পর ‘মুক্তিপণ’ দিয়ে উদ্ধার হলো শিশু শরিফুল ইসলাম। সোমবার রাত নয়টায় অপহরণকারীরা মুক্তিপণ পেয়ে তাকে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় রেখে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে। গত শুক্রবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা বাজার থেকে অপহরণ করা হয়েছিল শিশুটিকে।
ভূজপুরের দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মীর কাসেম আলী প্রথম আলোকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে অপহরণকারীদের দুই দিন ধরে অনুসরণ করা হয়। টের পেয়ে তারা চট্টগ্রাম নগরের রাহাত্তার পুল এলাকায় শরিফুলকে ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ও স্বজনেরা তাকে উদ্ধার করে। শিশুটিকে উদ্ধারে মুক্তিপণ দেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেছেন।
শরিফুলের মা জাহানারা বেগম জানান, অপহরণকারীদের কথামতো দুইটি মুঠোফোন নম্বরে সোমবার দুপুরে ১৫ হাজার করে ৩০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠানো হয়। পরে বিকেলে তারা সাতকানিয়ার কেরানীহাট থেকে একটি বাসে তুলে দেয় শরিফুলকে। রাতে বাসের হেলপার শরিফুলকে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট রাহাত্তার পুল বনফুল মিষ্টির দোকানের সামনে নামিয়ে দেয়। সেখান থেকে শরিফুলকে উদ্ধার করা হয়।
শরিফুল জানায়, শুক্রবার বিকেলে মায়ের কথামতো অতিথি মো. ফরিদকে ঘরে নিয়ে আসতে দাঁতমারা বাজারে যায় সে। কিন্তু ফরিদ পাশের শান্তিরহাট বাজারে মাছ কিনতে যাবে বলে তাকে অটোরিকশায় তোলে। সে জানায়, তাকে একটি বাড়িতে আটকে রাখা হয়। মায়ের কাছে যেতে চাইলে ফরিদ তাকে মেরে ফেলার হুমকি দেয়।