ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী মিল্লাত আবার গ্রেপ্তার

চট্টগ্রাম জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ফটিকছড়ির মিল্লাত বাহিনীর প্রধান খোরশেদ হোসেন মিল্লাত (৪৬) আবার গ্রেপ্তার হয়েছেন।
১১ দিনের ব্যবধানে গতকাল শুক্রবার থানার অভ্যন্তরে মাতাল অবস্থায় পুলিশকে গালাগাল করার সময় তিনি গ্রেপ্তার হন। এ সময় তাঁর কাছ থেকে ১৯টি ইয়াবা বড়ি এবং দুটি ফেনসিডিলের বোতল উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম জানান, ‘গতকাল সকাল পৌনে ১০টায় সন্ত্রাসী মিল্লাত থানায় ঢুকে ওসি-তদন্ত বিদ্যুৎ কুমার বড়ুয়াকে খুঁজতে থাকেন। একসময় থানায় রক্ষিত একটি চেয়ারে বসে তিনি নিজেকে ওসি পরিচয় দেন। থানার দরজা জানালায় থাপ্পড় দিয়ে বিভিন্ন অসংলগ্ন কথাবার্তা বলেন। বিষয়টি ওসিকে অবহিত করে তাঁকে গ্রেপ্তার করা হয়।’
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, তাঁকে গত ২০ অক্টোবর উপজেলার দক্ষিণ নিশ্চিন্তাপুর নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছিল। কিন্তু আদালত পরদিনই তাঁকে জামিনে মুক্ত করেন। তাঁর বিরুদ্ধে ফটিকছড়ি, হাটহাজারী ও কোতোয়ালি থানায় হত্যা, অপহরণ, চাঁদাবাজিসহ ছয়টি মামলা রয়েছে।
এদিকে, তাঁর গ্রেপ্তারের খবর সর্বত্র ছড়িয়ে পড়লে এলাকার লোকজনের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার ভুক্তভোগী ব্যক্তিরা জানান, জামিনে আসার পর থেকেই তাঁর হুমকি-ধমকি ও তাঁর বাহিনীর সদস্যদের অস্ত্র নিয়ে ঘোরাফেরায় এলাকার লোকজন এক প্রকার তটস্থ ছিলেন।
তাঁর সন্ত্রাসী হামলার শিকার মো. ইউসুফ বলেন, ‘সন্ত্রাসী মিল্লাত আবার গ্রেপ্তার হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তবে তার বাহিনীর সদস্যরা এখনো বাড়ির চারপাশে ঘুর ঘুর করছে।’
প্রবাসী মো. মান্নান নামের এক ভুক্তভোগী জানান, ‘দীর্ঘদিন থেকে মিল্লাত স্থানীয় লোকজনের কাছ থেকে চাঁদা দাবি করেছেন। চাঁদা দিতে অপারগতায় বিভিন্ন জুলুম-নির্যাতন চালিয়েছেন। এ বিষয়ে প্রশাসনের কাছেও সহায়তা চাওয়া হয়েছে।’
চট্টগ্রামের হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আ ফ ম নিজাম উদ্দিন বলেন, ‘গতকাল তাঁকে গ্রেপ্তারের পর মাদকদ্রব্য আইনের বিভিন্ন ধারায় মামলা করে জেলহাজতে পাঠানো হয়েছে। ফলে এলাকার লোকজন এবার স্বস্তিতে বসবাস করবেন।’