ফটিকছড়িতে গ্রামবাসীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ, আহত ১৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী খোরশেদ হোসেন ওরফে মিল্লাতের লোকজনের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন। গতকাল শনিবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দক্ষিণ নিশ্চিন্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
খোরশেদ হোসেনের (৪৬) বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, অপহরণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা রয়েছে। গত ৩০ অক্টোবর তাঁকে গ্রেপ্তার করা হয়। খোরশেদের সন্ত্রাসী দল এলাকায় মিল্লাত বাহিনী হিসেবে পরিচিত।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল নয়টার দিকে ওই বিদ্যালয়ের কাছে দক্ষিণ নিশ্চিন্তাপুর গ্রামের এক ব্যক্তিকে মিল্লাত বাহিনীর কয়েকজন সদস্য লাঞ্ছিত করেন। বিষয়টি নিয়ে গ্রামের লোকজনের সঙ্গে মিল্লাত বাহিনীর একাধিক সদস্যদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সকাল ১০টার দিকে গ্রামবাসী ও মিল্লাত বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় দুই পক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করে।
স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষে মিল্লাত বাহিনীর সদস্য মো. এরশাদ, শাহিন, শহীদ, মাসুদ, মামুন, হেলাল, রাসেল, দুলাল ও বেলাল এবং গ্রামবাসী মো. নাসির, আবু তাহের, ইউসুফ, আলমগীর, মো. জামাল, এয়ার মোহাম্মদ, মুনসুর, নুরুল হুদা ও হুমায়ুন কবির আহত হন। তাঁদের মধ্যে মিল্লাত বাহিনীর সদস্য এরশাদ, শাহিন ও শহীদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফটিকছড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত গ্রামবাসী মো. ইউসুফ (৪৫) বলেন, ‘সন্ত্রাসী খোরশেদ গত ৩০ অক্টোবর গ্রেপ্তার হওয়ার পর তাঁর বাহিনীর সদস্যরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। তাঁরা মুঠোফোনে লোকজনের কাছে চাঁদা দাবি করছেন। হত্যার হুমকি দিয়ে যাচ্ছেন।’
মিল্লাত বাহিনীর আহত সদস্য মো. মামুন বলেন, ‘এখানে মিল্লাত বাহিনী বলে কোনো শব্দ নেই। গ্রামের উচ্ছৃঙ্খল কিছু লোক শত্রুতার জের ধরে আমাদের ওপর হামলা চালিয়েছেন।’
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন বলেন, ‘এখন পরিস্থিতি শান্ত। সংঘর্ষ এড়াতে প্রয়োজনে শনিবার রাতেও সেখানে পুলিশ মোতায়েন থাকবে।’