ফটিকছড়িতে চা-বাগানের প্রহরীকে ছুরিকাঘাতে হত্যা
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরের মোহাম্মদ নগর চা-বাগানের এক প্রহরীকে গত বৃহস্পতিবার রাতে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত মুহাম্মদ বেলাল হোসেনের (৫০) বাড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের পোদ্দারপাড়া গ্রামের মোহন্থরখীল এলাকায়।
মোহাম্মদ নগর চা-বাগানের ব্যবস্থাপক শংকর কুমার নায়েক প্রথম আলোকে বলেন, রাত সাড়ে নয়টার দিকে অপরিচিত দুই-তিনজন ব্যক্তি মদ্যপ অবস্থায় বাগানের ভেতরে ঘোরাঘুরি করছিলেন। এ সময় বেলাল ওই ব্যক্তিদের কাছে জানতে চান, তারা কেন বাগানে ঢুকেছে। ওই সময় বেলালের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই ব্যক্তিরা বেলালকে ছুরিকাঘাত করে। চিৎকার শুনে বাগানের লোকজনসহ তিনি ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক বেলালকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার ময়নাতদন্তের জন্য বেলালের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তির ছেলে মুহাম্মদ মঈনুদ্দিন বলেন, স্থানীয় বখাটে মদ্যপ নুরুল আলম, জাবেদসহ কয়েকজন মিলে তাঁর বাবাকে খুন করেছে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হয়েছে। নিহত বেলালের পেট, ঘাড় ও পিঠে ছুরিকাঘাতের চারটি চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে ভূজপুর থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।