ফটিকছড়িতে দুই যুবককে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট বাজারে গতকাল সোমবার রাতে দুই যুবককে কুপিয়ে জখম করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন উপজেলার নাজিরহাট পৌরসভার বাবুনগর গ্রামের মুহাম্মদ জাবেদ (২৩) ও মুহাম্মদ রায়হান (২৫)।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার দৌলতপুর গ্রামের এবিসি এলাকায় ক্রিকেট খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এ সময় এক পক্ষে ছিলেন মুহাম্মদ জাবেদ। রাত আটটার দিকে জাবেদ তাঁর বন্ধু রায়হান ও সোহেলকে নিয়ে নাজিরহাট বাজারে যান। এ সময় প্রতিপক্ষের লোকজন দা-কিরিচ নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এতে জাবেদ ও রায়হান গুরুতর আহত হন। ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্র জানায়, স্থানীয় জনতা হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে ধরে গণপিটুনি দেয়। এ সময় হামলাকারীদের কাছ থেকে তিনটি রামদা উদ্ধার করা হয়। গণপিটুনির শিকার ব্যক্তিরা হলেন উপজেলার কুম্ভারপাড়া গ্রামের মুহাম্মদ আফাজ ও মুহাম্মদ এনাম।
হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গণপিটুনির শিকার দুই যুবককে উদ্ধার করে চিকিৎসা দিতে নিয়ে আসে। তিনি বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।