ফটিকছড়িতে নারীকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের মতিননগর আনারস ঠিলা এলাকায় গত বুধবার গভীর রাতে জয়গুন বিবি (৫২) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
উপজেলার দাঁতমারা তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ ফজলুল করিম বলেন, নিহত নারীর ছোট ছেলে কামাল উদ্দিন গতকাল বৃহস্পতিবার সকালে রান্নাঘরের পাশে মায়ের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি এবং পুলিশে খবর দেন। পুলিশ দুপুরের দিকে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত জয়গুনের ছেলে মো. হোসেন এবং মো. কামাল বলেন, রাতে দুর্বৃত্তরা তাঁদের মাকে কুপিয়ে হত্যা করেছে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত। ওই নারীর ঘাড় এবং পিঠে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে। তিনি বলেন, এ ঘটনায় ভূজপুর থানায় হত্যা মামলা হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করছে।