ফটিকছড়িতে নিখোঁজ হওয়ার দুই দিন পর নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের এনায়েতপুর গ্রাম থেকে নিখোঁজ হওয়ার দুদিন পর মনোয়ারা বেগম (৫২) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রোববার দুপুরে গ্রামের এক ধানখেত থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের স্থান থেকে তাঁর বাড়ির দূরত্ব প্রায় পাঁচ শ গজ।
মনোয়ারা বেগম গ্রামের আবুল হাশেমের স্ত্রী। তিনি প্রবাসী। তাঁদের চার মেয়ে ও এক ছেলে রয়েছে। ছেলেও প্রবাসী।
দাঁতমারা পুলিশ তদন্তকেন্দ্রের এসআই আবুল কালাম বলেন, মনোয়ারা বেগম শুক্রবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। তাঁর স্বজনেরা শনিবার দুপুরে তদন্তকেন্দ্রে এসে মৌখিকভাবে বিষয়টি জানান।
ভূজপুর থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জমির বিরোধের জের ধরে ওই নারীকে হত্যার পর লাশ মাটিতে পুঁতে ফেলা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে ওই নারীর ভাশুর আবদুস সালাম পলাতক রয়েছেন। তাঁকে খোঁজা হচ্ছে।