ফটিকছড়িতে যুবককে ছুরিকাঘাতে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট নতুন ব্রিজ এলাকায় হালদা নদীর পাড় থেকে গতকাল শুক্রবার আজম খান ওরফে বাবু (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যা করে লাশটি সেখানে ফেলে গেছে।
আজম খানের বাড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামে। তাঁর পরিবারের ভাষ্যমতে, তিনি শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। রাজনৈতিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকা থেকে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বায়েজীদ থানার পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মোবারক (২৮), মো. হাসান (৩০) ও সন্তোষ কুমার (২৭)।
ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম বলেন, ‘নাজিরহাট নতুন হালদা ব্রিজের পশ্চিম পাশে হালদাপাড়ে ঝোপের ভেতরে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন আছে। লাশের পাশ থেকে দুটি ছুরি উদ্ধার করা হয়েছে।’
আজমের বাবা আমির হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর ছেলে চট্টগ্রাম নগরে এক আত্মীয়ের বাড়িতে ইফতার করছিলেন। এ সময় একটি ফোন পেয়ে আজম দ্রুত ঘর থেকে বেরিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, এই হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।