চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আজাদী বাজার এলাকার পশ্চিম ধর্মপুর গ্রামে গতকাল শুক্রবার এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
নিহত যুবক মুহাম্মদ আবুল কালামের (৩৩) বাড়ি পশ্চিম ধর্মপুর গ্রামে। তিনি পেশায় কৃষক।
স্থানীয় সূত্র জানায়, এলাকার বর্গাচাষি মুহাম্মদ ইউসুফ কয়েক বছর ধরে আবুল কালামের পৈতৃক জমিতে চাষাবাদ করতেন। এ নিয়ে একপর্যায়ে দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। ২০ নভেম্বর দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে গতকাল সকাল সাড়ে সাতটায় ইউসুফ, তাঁর ছেলে মুহাম্মদ মোরশেদসহ বেশ কয়েকজন ব্যক্তি রড, লাঠিসোঁটা নিয়ে আবুল কালামের বাড়িতে যান। তাঁরা আবুল কালামকে ঘর থেকে ডেকে পাশের বাড়ির পুকুরপাড়ে নিয়ে যান। এরপর সেখানে দুই হাত বেঁধে তাঁকে বেদম মারধর করা হয়। এতে আবুল কালাম ঘটনাস্থলেই মারা যান।
আবুল কালামের বড় ভাই মুহাম্মদ আবু তাহের বলেন, বর্গাচাষি ইউসুফ ও তাঁর ছেলেরা তাঁর (আবু তাহের) ভাইকে পিটিয়ে হত্যা করেছেন।
আবুল কালামের আরেক ভাই আবু সৈয়দ বলেন, হামলাকারীদের হাতে অস্ত্র থাকায় স্থানীয় লোকজন তাঁর ভাইকে উদ্ধার করতে এগিয়ে যাওয়ার সাহস পাননি।
পুলিশ জানায়, দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারীসহকারী উপপরিদর্শক (এএসআই) গোলাম সামদানী প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির শরীরে একাধিক জখম এবং কাটাছেঁড়া রয়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ইউসুফ মিয়া বলেন, এ ঘটনায় ইউসুফ, তাঁর তিন ছেলেসহ অজ্ঞাতনামা ছয়-সাতজনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।
চকরিয়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার: চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের চকরিয়া পৌর শহরের ঘনশ্যাম বাজার এলাকা থেকে গতকাল ভোরে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মমতাজ মিয়ার (৪৩) বাড়ি চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের পালাকাটা এলাকায়। দুই বছর ধরে তিনি ঘনশ্যাম বাজার এলাকার ভাড়া বাসায় থাকতেন। তিনি বিভিন্ন চিংড়িঘেরে শ্রমিক হিসেবে কাজ করেন। স্থানীয় সূত্রমতে, একসময় মমতাজ নানা অপরাধের সঙ্গে জড়িত ছিলেন।
মমতাজ মিয়ার স্ত্রী খাদিজা বেগম বলেন, গত বৃহস্পতিবার রাত আটটার দিকে ভাত খেয়ে বাসা থেকে বের হন তাঁর স্বামী। এরপর আর বাসায় ফেরেননি। গতকাল সকালে ঘনশ্যাম বাজার এলাকায় স্বামীর গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। তাঁর স্বামীকে কারা হত্যা করেছে, তা তিনি জানেন না।
চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মহির উদ্দিন খান বলেন, ময়নাতদন্তের জন্য মমতাজ মিয়ার লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর বুকে অন্তত পাঁচটি গুলির চিহ্ন আছে।
স্থানীয় সূত্র জানায়, যে স্থানে মমতাজের লাশ পাওয়া গেছে, সেখানে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ডাকাতেরা মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ীর কাছ থেকে ৪ লাখ ৮০ হাজার টাকা লুট করে। সে সময় দুজনকে গুলিও করে ডাকাতেরা।
চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুল আজম বলেন, ডাকাতির সঙ্গে মমতাজের মৃত্যুর কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।