ফটিকছড়িতে সংখ্যালঘু যুবকের বাড়িতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকে পবিত্র কাবা শরিফকে নিয়ে অবমাননাকর ছবি পোস্ট করার অভিযোগে চট্টগ্রামের ফটিকছড়িতে গতকাল শুক্রবার এক সংখ্যালঘুর বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। ইটপাটকেল ছোড়া হয় একটি মন্দিরে। অবমাননাকর ছবি পোস্ট করার ঘটনায় অভিযুক্ত যুবকের মা-বাবাসহ চারজনকে আটক করেছে পুলিশ।
আটকৃতরা হলেন উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের সত্য রঞ্জন দেব, তাঁর স্ত্রী কল্পনা দেবী ও দুই ছেলের বউ প্রিয়াংকা দেবী ও সীমা দেবী।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, সত্য রঞ্জনের ছেলে সুজন দেব গত বৃহস্পতিবার গভীর রাতে তাঁর ফেসবুক অ্যাকাউন্টে পবিত্র কাবা শরিফের ওপর এক নগ্ন নারীর ছবি বসিয়ে বিভিন্ন আইডিতে পোস্ট করেন। বিষয়টি জানাজানি হলে এটি মুছে ফেলার অনুরোধ জানানো হয়, কিন্তু সুজন তা অগ্রাহ্য করেন। এতে ক্ষুব্ধ হয়ে মুসলমান ধর্মাবলম্বীরা গতকাল ভোর রাতে লাঠিসোঁটা নিয়ে সুজনদের বাড়িতে হানা দেন। ভাঙচুর করেন ঘরের দরজা, জানালা, বেড়া ও কাচারি ঘর। এ সময় স্থানীয় জগন্নাথ মন্দিরেও ইটপাটকেল ছোড়া হয়। এতে মন্দিরের সামান্য ক্ষতি হয়।
গতকাল সকালে সরেজমিনে গেলে সুজনের বড় ভাইয়ের স্ত্রী সুবর্ণা দেবী বলেন, ‘ভোর রাতে দুই-তিন শ লোক মিছিলসহকারে লাঠিসোঁটা নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। এ সময় সবাই অসহায়ের মতো নীরবে কেঁদেছি।’
সুজনের চাচা চিত্ত রঞ্জন দেব বলেন, ‘এটি গর্হিত কাজ। এটিকে আমরা সমর্থন করি না। সে দোষী হলে তার কঠোর শাস্তি হওয়া দরকার। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন এখনো বিদ্যমান।’
কাঞ্চননগর উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মঞ্জুর মোর্শেদ ফিরোজ বলেন, ‘অতি উৎসাহী কিছু লোক এ ঘটনা ঘটিয়েছে। এ ধরনের কাজ ইসলাম সমর্থন করে না। এসব নোংরা প্রচারণা যারা চালিয়েছে, তাদের কঠোর শাস্তির আওতায় আনা দরকার।’
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন জানান, পরিস্থিতি এখন শান্ত। ঘটনাস্থলে তিন পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র্যা ব মোতায়েন রয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা। পরিস্থিতি এখন শান্ত এবং সবকিছুই প্রশাসনের অনুকূলে। অভিযুক্ত সুজন এখন পলাতক। তাঁকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।