
ছাত্রলীগের কর্মীদের সঙ্গে কারারক্ষীদের ধাওয়া-পাল্টাধাওয়া চলছিল। এই দৃশ্য ধারণ করছিলেন আলোকচিত্রীরা। কারাগারের ভেতর থেকে কারারক্ষীদের আরেকটি দল হঠাৎ বেরিয়ে এসে সরাসরি আক্রমণ করেন সাংবাদিকদের ওপর। এতে গুরুতর আহত হন চার সাংবাদিক।
সিলেট কারাগারের সামনে গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। ছাত্রলীগের হামলা ঠেকাতে গিয়ে কারারক্ষীরা সাংবাদিকদেরও পেটান। কারারক্ষীদের মারধরে প্রথম আলোর আলোকচিত্রী আনিস মাহমুদসহ চারজন সাংবাদিক আহত হয়েছেন। তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারারক্ষীরা ফটোসাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল ভাঙচুর করেছেন।
প্রত্যক্ষদর্শী, কারা ও পুলিশ সূত্র জানায়, কারাবন্দী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ গতকাল বিকেলে জামিনে ছাড়া পাবেন বলে ছাত্রলীগের একদল কর্মী কারাগারের প্রধান ফটকের সামনে
অবস্থান নেন। এ সময় বিক্ষোভ করলে কারারক্ষীরা তাঁদের সতর্ক করে দেন। এ নিয়ে কারারক্ষীদের সঙ্গে ছাত্রলীগের কয়েকজন কর্মীর কথা-কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়।
কারা ফটকের সামনে এ ঘটনা দেখে কারারক্ষীদের আরেকটি দল ঘটনাস্থলে গিয়ে ছাত্রলীগের কর্মীদের সরাতে লাঠিপেটা শুরু করে। কারারক্ষীরা কারা ফটকের সামনে রাস্তায় থাকা মোটরসাইকেলও ভাঙচুর করেন। সেখানে ফটোসাংবাদিকেরা অবস্থান নিয়ে ছবি তুলতে চাইলে করারক্ষীরা ফটোসাংবাদিকদের ওপর চড়াও হন। বেধড়ক লাঠিপেটায় প্রথম আলোর আনিস মাহমুদ, সমকাল-এর ইউসুফ আলী, ফোকাস বাংলার শহিদুল ইসলাম, যুগভেরীর মামুন হোসেন আহত হন। আনিস, মামুন ও শহিদুলকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়।
আহত ফটোসাংবাদিকেরা জানান, কারারক্ষীরা আক্রমণ করার আগেই ফটোসাংবাদিকেরা তাঁদের পেশাগত পরিচয় দেন। তারপরও হামলা করা হয়। আনিস জানান, কারারক্ষীরা তাঁর হাতের ক্যামেরা ছিনিয়ে নিয়ে একপর্যায়ে মোটরসাইকেলের চাবিও কেড়ে নেন। পেশাগত পরিচয় দেওয়া হলে উল্টো তাঁরা শাসান। সহকর্মী সাংবাদিক ও পথচারীরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
কর্তব্যরত চিকিৎসকেরা জানান, আনিস ও শহিদুলের পায়ে জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর এক্স-রে করে পরবর্তী চিকিৎসা দেওয়া হবে।
সিলেট কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সগীর মিয়া সাংবাদিকদের মারধরের বিষয়ে অবহিত নন বলে জানান। ঘটনা সম্পর্কে তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতির কারণে কারা ফটকের সামনে বিশেষ নিরাপত্তা ছিল। ছাত্রলীগের একদল নেতা-কর্মী মোটরসাইকেল নিয়ে কারা ফটক দিয়ে ঢোকার চেষ্টা করলে কারারক্ষীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় কিছু সাইকেল ভাঙচুর হয়েছে। কারারক্ষীদের পিটুনিতে চার ফটোসাংবাদিক আহত হওয়ার বিষয়টি তিনি জানেন না বলে জানান।
এদিকে জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম ঘটনার জন্য কারারক্ষীদের বাড়াবাড়িকে দায়ী করেন। তিনি বলেন, সাবেক সভাপতি জামিনে মুক্তি পাচ্ছেন শুনে উৎসুক কর্মীরা কারা ফটকের সামনে জড়ো হন। এ সময় কারারক্ষীরা হামলা করেন। এতে ছাত্রলীগের অন্তত পাঁচ কর্মী আহত হন।
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. রহমত উল্লাহ জানান, ঘটনাস্থল কারাগারের এলাকা হওয়ায় বিষয়টি কারা কর্তৃপক্ষ দেখবে।
ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় শাখার সভাপতি ইকবাল মনসুর ও সাধারণ সম্পাদক আসকার আমিন ফটোসাংবাদিকদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।