ফটোসাংবাদিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সিলেটে লেখক, ব্লগার ও তরুণ ব্যাংকার অনন্ত বিজয় দাশকে হত্যার ঘটনায় ইদ্রিস আলী নামের সিলেটের একজন ফটোসাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত রোববার রাতে তাঁকে আটক করা হয়। গতকাল সোমবার ‘সন্দিগ্ধ আসামি’ হিসেবে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সাত দিনের রিমান্ডে নিয়েছে সিআইডি পুলিশ। ২৫ মে সিআইডির কাছে হত্যা মামলাটি স্থানান্তর করা হয়।
গত ১২ মে সকালে কর্মস্থলে যেতে বাসা থেকে বের হয়ে সিলেট নগরের সুবিদবাজারের নূরানী আবাসিক এলাকার চৌরাস্তা মোড়ে পৌঁছালে অনন্তকে (৩২) কুপিয়ে হত্যা করে চার দুর্বৃত্ত। ঘটনার দিন রাতে মহানগর পুলিশের বিমানবন্দর থানায় অনন্তের বড় ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে অজ্ঞাতনামা চারজনকে আসামি করে হত্যা মামলা করেন। ২৫ মে মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হয়। গত শুক্রবার থেকে ঢাকার সিআইডির একটি তদন্ত দল সিলেটে এসে সরেজমিনে তদন্ত শুরু করে। ঘটনার ২৭ দিনের মাথায় ‘সন্দিগ্ধ’ একজনকে গ্রেপ্তার করা হলো।
ইদ্রিস আলী (২৪) দৈনিক সংবাদ ও সিলেটের স্থানীয় দৈনিক সবুজ সিলেট-এর ফটোসাংবাদিক। তাঁর বাড়ি সিলেট শহরতলির খাদিমপাড়া ইউনিয়নের ফতেগড় গ্রামে।
পরিবার সূত্র জানায়, রোববার রাত ১১টার দিকে ইদ্রিসকে তাঁর বাসা থেকে ঢাকার সিআইডি পুলিশের একটি দল আটক করে। পরে তাঁর বাসা থেকে দুটি পোশাকও নিয়ে যায়। গতকাল বেলা দুইটায় তাঁকে সিলেট মহানগর হাকিম (আমলি দ্বিতীয়) আদালতে নিয়ে ১৫ দিনের রিমান্ডের আবেদন জানান ঢাকার সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের পরিদর্শক আরমান আলী। আদালতের বিচারক ফারজানা ইয়াসমিন ইদ্রিসের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুরের পর ইদ্রিসকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে বলে তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে।
রিমান্ড আবেদনে সিআইডির পরিদর্শক আরমান আলী উল্লেখ করেন, মামলার তদন্তকালে প্রাপ্ত তথ্য-উপাত্ত ও বিভিন্ন সোর্সের ভিত্তিতে ধৃত সন্দিগ্ধ গ্রেপ্তারকৃত আসামি মো. ইদ্রিস আলী এ ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি একজন ‘জঙ্গি অপরাধী চক্রের সক্রিয় সদস্য’।
পরিবার সূত্র জানা যায়, ইদ্রিস মাদ্রাসায় আলিম পর্যন্ত পড়াশোনা করে দৈনিক সংবাদ-এর সিলেটের আলোকচিত্রী হিসেবে যোগ দেন। তবে ইদ্রিসের আটক ও গ্রেপ্তার নিয়ে পরিবারের সদস্যরা কোনো মন্তব্য করছেন না।