নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ভূইগড় এলাকায় অ্যাসিডে ঝলসে যাওয়া গৃহবধূ ইয়াসমিন (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মারা গেছেন। ঘটনার প্রতিবাদে এলাকাবাসী রাত ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড আধা ঘণ্টা অবরোধ করে রাখে।
নিহত ইয়াসমিনের ছোট বোন আফরোজা আক্তার বলেন, ইয়াসমিনের সঙ্গে তাঁর স্বামী সালাউদ্দিন ওরফে পলাশের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। ২২ মার্চ সকালে সালাউদ্দিন এসে জোর করে তিন ছেলেমেয়ে রাফসান (৫), পুষ্প (৪) ও পাপড়িকে (৩) নিয়ে যায়। বিকেল থেকে সালাউদ্দিনকে কয়েকজন সহযোগী নিয়ে ইয়াসমিনের বাড়ির আশপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। রাত দুইটার দিকে ইয়াসমিনের চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসেন। এ সময় দেখা যায়, ইয়াসমিনের শরীর ঝলসানো। অ্যাসিডে তাঁর শরীর, বিছানাসহ টিনের বেড়ার একাংশ পুড়ে যায়। ইয়াসমিন তখন জানান, সালাউদ্দিন তাঁকে অ্যাসিড ছুড়ে পালিয়ে গেছে। পরে ইয়াছমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অ্যাসিডে ইয়াছমিনের শরীরের ৬৫ শতাংশ পুড়ে যায় বলে চিকিৎসক জানিয়েছেন।
ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান খান বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে ইয়াসমিনের ননদ ফৌজিয়া, সুফিয়া, সুফিয়ার স্বামী মিজান, বড় ভাই নেসারউদ্দিন ও তার বন্ধু বাচ্চুকে গ্রেপ্তার করা হয়েছে। সালাউদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।