ফতুল্লায় কলেজছাত্রীকে আগুনে ঝলসে দিলেন প্রেমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রেমিককে বিয়ের প্রস্তাব দেওয়ায় আগুনে ঝলসে দেওয়া হলো এক কলেজছাত্রীকে। এ ঘটনায় মেয়েটির বাবা গতকাল বৃহস্পতিবার ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন। পুলিশ প্রেমিকের বাবা মজিবর মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার বিয়ের প্রস্তাব নিয়ে সে অভিযুক্তের বাড়ি গেলে বাড়ির লোকজন তাকে মারধর করে। খবর পেয়ে ওই রাতেই মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার মেয়েটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
ফতুল্লার মেয়েটি স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। তার সঙ্গে ফতুল্লার গাবতলী এলাকার হোটেল ব্যবসায়ী মজিবর মিয়ার ছেলে সানির প্রেম চলছিল। মেয়েটির বাবার অভিযোগ, তিন বছর ধরে প্রেম চলার পর তাঁর মেয়ে ৩০ জুলাই বিকেলে সানিদের বাসায় গিয়ে বিয়ের প্রস্তাব দেন। তখন অস্বীকৃতি জানায় সানি। একপর্যায়ে সে তার মায়ের সামনে তাঁর মেয়েকে লাথি ও ঘুষি মারতে শুরু করে। পরে পাশের ঘর থেকে কেরোসিন এনে তাঁর মেয়ের গায়ে ছুড়ে মারে ও আগুন ধরিয়ে দেয়। এতে তাঁর মেয়ের শরীরের নিচের অংশ পুড়ে যায়। খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে মেয়েকে উদ্ধার করে খানপুরে ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। চিকিৎসা খরচ মেটাতে না পারায় বুধবার মেয়েকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে গেছেন।ছাত্রীটির বাবার অভিযোগ, ঘটনা ধামাচাপা দিতে সানির হয়ে এলাকার প্রভাবশালীরা তাঁদের চাপ দিচ্ছে।ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক জানান, গতকাল সকালে সানির বাবাকে গ্রেপ্তারের সময় তার মা চেতনা হারিয়ে ফেলেন। এ কারণে তাঁকে আটক করা যায়নি। মূল আসামি সানি পলাতক।
পুলিশ, এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে রাজৈর গ্রামের আইয়ুব আলীর (২২) সঙ্গে অষ্টম শ্রেণির ওই ছাত্রীর (১৫) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ইতিমধ্যে আইয়ুব আলীর বর্ডার গার্ড বাংলাদেশের সৈনিক পদে চাকরি হয়। বর্তমানে তিনি রাঙামাটি জেলায় কর্মরত আছেন। মাঝেমধ্যে ছুটিতে বাড়িতে আসেন আইয়ুব। চার মাস আগে তিনি বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করেন। একপর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তার গর্ভপাত ঘটানো হয়।
সম্প্রতি আইয়ুবের পরিবার অন্য গ্রামে আইয়ুবের বিয়ে ঠিক করে। বিষয়টি জানার পর গত বুধবার রাতে বিয়ের দাবিতে মেয়েটি আইয়ুবের বাড়িতে যায়। সেখানে আইয়ুবের বাবা মোকছেদ আলী, মা আছিয়া বেগম ও ভাই মামুন হোসেন মেয়েটিকে মারধর করেন। খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে।
ছাত্রীর মা অভিযোগ করেন, আইয়ুবের চাকরির সময় গরু বিক্রি করে তাঁরা ৫০ হাজার টাকা দিয়েছিলেন। কিন্তু তাঁদের সঙ্গে প্রতারণা করেছেন আইয়ুব । অভিযোগের ব্যাপারে জানতে গতকাল বিকেলে আইয়ুব আলীর বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।