ফতুল্লায় গুলি করে যুবককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় আশরাফুল ইসলাম ওরফে বাবু (৩২) নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ফতুল্লার গাবতলীর টাগারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। একই দিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিরাজুল পাঠান (৬০) নামের একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় রফিকুল ইসলাম ওরফে রফিক তাঁর এক সহযোগীকে নিয়ে মোটরসাইকেলে করে গাবতলী টাগারপাড় এলাকায় যান। ওই সময় আশরাফুল ও তাঁর সহযোগীরা রফিকুলের মোটরসাইকেলের গতিরোধ করেন। এ নিয়ে তাঁদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রফিকুল পিস্তল দিয়ে আশরাফুলের বুকে গুলি করে পালিয়ে যান। গুরুতর অবস্থায় প্রথমে তাঁকে নগরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত আশরাফুলের ছোট ভাই সোহেল বলেন, রাত সাড়ে ১১টার দিকে সন্ত্রাসী রফিকুল তাঁর ভাইকে মুঠোফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর তিনি কোমর থেকে পিস্তল বের করে আশরাফুলকে খুব কাছ থেকে বুকে গুলি করেন।
কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, গাবতলী এলাকায় ৩০টির বেশি রপ্তানিমুখী পোশাক কারখানা রয়েছে। এসব কারখানার ঝুট এবং মাদক ব্যবসা নিয়ে রফিক গ্রুপের সঙ্গে শাহীন উজ জামান ওরফে নাডা শাহীন গ্রুপের দ্বন্দ্ব চলছিল। নিহত বাবু নাডা শাহীন গ্রুপের সদস্য। গত মাসে এ দুই গ্রুপের মধ্যে গাবতলী এলাকায় গুলিবিনিময় হয়। ওই ঘটনায় পুলিশ রফিকের ছোট ভাই উজ্জ্বলকে গ্রেপ্তার করে। ধারণা করা হচ্ছে, ওই ঘটনার প্রতিশোধ নিতেই আশরাফুলকে হত্যা করেছেন রফিক।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান খান বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। তবে গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কেউ মামলা করেনি।
এদিকে নিহত সিরাজুল পাঠানের ছেলে জাকারিয়া কনক বাদী হয়ে বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগগঞ্জ থানায় মামলা করেন।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মিজমিজি বাতানপাড়া এলাকায় সৌদিপ্রবাসী জাকির হোসেনের নির্মাণাধীন বাড়ির তদারকির দায়িত্বে থাকা তাঁর ভায়রা সিরাজুল পাঠানের কাছে চাঁদা দাবি করে একই এলাকার সন্ত্রাসী শুক্কুর, তার ভাই পাপ্পুসহ কয়েকজন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাঁকে সন্ত্রাসীরা লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।