ফতুল্লায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় আয়েশা আক্তার (২০) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ভোরে উপজেলার কাশিপুর ঢালীবাড়ি এলাকা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী জুম্মন আলী পলাতক।
নিহত আয়েশা আক্তারের মা ফাতেমা বেগম সাংবাদিকদের বলেন, ‘জুম্মনের আগে হোসিয়ারীর ব্যবসা ছিল। বর্তমানে সে মুদি ব্যবসা করত।
জুম্মন প্রতিদিনই মাদক সেবন করে বাড়ি ফিরত এবং আমার মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করত। গতকাল ভোররাত চারটায় জুম্মন আমাকে ফোন করে জানায়, আয়েশা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তখন আমি দ্রুত জুম্মনদের বাড়িতে ছুটে যাই।’
ফাতেমা বেগম দাবি করেন, ‘আমার মেয়ে গলায় ফাঁস দেয়নি। মাদক সেবনের জন্য ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল বিক্রি করাতে বাধা দিলে জুম্মন আমার মেয়েকে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করেছে।’ নিহত আয়েশার মারিয়া (২) নামের এক কন্যাসন্তান রয়েছে।