ফতুল্লায় চালককে হত্যা করে রিকশা ছিনতাই, আটক ১
নারায়ণগঞ্জ সদর উপজেলায় অজ্ঞাত পরিচয় এক রিকশাচালককে হত্যার পর রিকশাটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার ফতুল্লার পঞ্চবটি এলাকার দক্ষিণ ধর্মগঞ্জে এ ঘটনা ঘটে।
এদিকে ওই রিকশাচালককে হত্যার পর পালিয়ে যাওয়ার সময় রবিউল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। তবে রবিউলের অপর সহযোগী ছিনতাই হওয়া রিকশাটি নিয়ে পালিয়ে গেছেন।
ফতুল্লা মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) শরফুদ্দিন বলেন, রবিউল ইসলাম তাঁদের জানিয়েছে গতকাল ভোরে পঞ্চবটি থেকে ধর্মগঞ্জ যাওয়ার জন্য রবিউল ও তাঁর এক সহযোগী ওই রিকশাটি ভাড়া নেন। রিকশাটি দক্ষিণ ধর্মগঞ্জ এলাকায় পৌঁছালে চালককে মারধর করে তাঁরা রিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করেন। ওই সময় রিকশাচালক বাধা দিলে তাঁরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলা কেটে ফেলেন এবং রিকশাটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় এক নিরাপত্তাকর্মী রবিউলের শরীরে রক্ত দেখে তাঁকে আটক করার চেষ্টা করেন। রবিউল পালানোর চেষ্টা করলে ওই নিরাপত্তা কর্মীসহ স্থানীয় লোকজন ধাওয়া করে তাঁকে আটক করেন।
এএসপি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছেন রবিউল।