ফতুল্লার অপহৃত ব্যবসায়ী মংলায় উদ্ধার
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থেকে নিখোঁজের তিন দিন পর ইট ও কয়লা ব্যবসায়ী খবির হোসেনকে গত রোববার বাগেরহাটের মংলা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর তাঁকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় একটি মাইক্রোবাসে করে আসা পাঁচজন অপহরণকারী ফতুল্লার ধর্মগঞ্জ এলাকা থেকে খবিরকে অপহরণ করে।
হাসপাতালে চিকিৎসাধীন খবির হোসেন জানান, বৃহস্পতিবার রাতে ফতুল্লার ধর্মগঞ্জের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তিনি হরিহরপাড়ায় নিজ বাসায় ফিরছিলেন। পথে হোসেন বোর্ড মিল এলাকার অন্ধকারাচ্ছন্ন রাস্তায় একটি মাইক্রোবাস তাঁর রিকশার গতি রোধ করে। ওই মাইক্রোবাস থেকে কয়েকজন যুবক নেমে তাঁর নাকে একটি রুমাল চেপে ধরে। এতে তিনি কিছুটা নিস্তেজ হয়ে পড়েন। এরপর তাঁকে একটি পানীয় পান করানোর পর তিনি চেতনা হারান। অচেতন হওয়ার আগে তিনি গাড়িতে চালকসহ পাঁচজনকে দেখতে পান।
খবিরের স্ত্রী মুন্নী জানান, শনিবার রাতে একটি অপরিচিত নম্বর থেকে তাঁর মুঠোফোনে একটি ফোন আসে। ফোনটি রিসিভ করার পর অপর প্রান্ত থেকে খবিরের গলার আওয়াজ শুনতে পান। ফোন কেটে যাওয়ার পর ওই ফোনে ফোন করলে রাজু নামের এক ব্যক্তি ধরেন। রাজু তাঁকে জানান, খবিরকে তিনি বাগেরহাটের মংলা এলাকার রাস্তার ঢালে পড়ে থাকতে দেখে ডেকে কথা বলেন। এ সময় খবির তাঁকে অপহরণের বিস্তারিত জানান। তখন তিনি তাঁর মুঠোফোনে খবিরকে পরিবারের সঙ্গে কথা বলতে দেন। খবিরের মুঠোফোন ও নগদ ২২ হাজার টাকা অপহরণকারীরা নিয়ে গেছে।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম জানান, অপহরণকারীরা খবিরকে বাগেরহাটের মংলার কাটাখালী এলাকায় অচেতন অবস্থায় ফেলে চলে যায়। তাঁর পরিবারের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাঁকে সেখান থেকে উদ্ধার করে।