ফতুল্লায় ছুরিকাঘাতে পোশাকশ্রমিককে হত্যা
নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা নয়ামাটি এলাকায় শনিবার দুপুরে ছুরিকাঘাতে মো. মাসুদ নামের পোশাক কারখানার এক শ্রমিককে হত্যা করা হয়েছে।
হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ সোহেল মিয়া নামের অভিযুক্ত একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। নিহত মো. মাসুদ (২৮) ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক।
নিহত ব্যক্তির ছোট ভাই মো. জুম্মন মিয়া বলেন, মাসুদের কাছে ধারের দুই হাজার টাকা পেতেন প্রতিবেশী সোহেল মিয়া। ওই টাকা নিয়ে দুজনের মধ্যে বিরোধ হয়। এর জেরে দুপুরে মাসুদের সঙ্গে সোহেলের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মাসুদকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে পেটে ছুরিকাঘাত করেন সোহেল।
আশপাশের লোকজন মাসুদকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। জুম্মন অভিযোগ করেন, মাসুদকে হত্যা করায় লোকজন সোহেলকে আটক করেন। কিন্তু সোহেলের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যান। তিনি তাঁর ভাই হত্যার বিচার দাবি করেন।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোহাগ চৌধুরী প্রথম আলোকে বলেন, টাকাসংক্রান্ত বিষয় নিয়ে মাসুদ ও সোহেলের গ্রুপের মধ্যে বিরোধ ছিল। এই বিরোধের জেরে মাসুদকে ছুরিকাঘাত করেন সোহেল। ওই ঘটনার পর ঘটনাস্থল থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ দেখে অভিযুক্ত সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সোহেলের বাবাকেও আটক করা হয়েছে।
গ্রেপ্তার সোহেল কিশোর গ্যাংয়ের সদস্য কি না, সে বিষয়ে জানতে চাইলে সোহাগ চৌধুরী বলেন, বিষয়টি তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, নিহত ব্যক্তির লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে। ঘটনাস্থল থেকে অভিযুক্ত সোহেলকে আটক করা করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।