ফতুল্লায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় দুর্বৃত্তদের গুলিতে বাবু নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে টাগারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কামরুল হাসানের দেওয়া ভাষ্য, আধিপত্য বিস্তার ও মাদকদ্রব্যের ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। গতকাল রাতে রফিক নামের এক সন্ত্রাসী ও তাঁর সহযোগীদের সঙ্গে বাবু ও তাঁর সহযোগীদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে রফিক বাবুকে গুলি করেন। এতে ঘটনাস্থলে বাবু লুটিয়ে পড়েন। রফিক তাঁর সহযোগীদের নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান।
গুরুতর আহত অবস্থায় বাবুকে শহরের খানপুরের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়ার ভাষ্য, গুলিতে বাবু নামের এক যুবক নিহত হয়েছেন। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা করছে।