ফতুল্লায় নির্মাণ শ্রমিকের মৃত্যু, অভিযোগ হত্যার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে আটটায় ফতুল্লার পাগলা শান্তিনিবাস এলাকার নাছিমা বেগমের নির্মাণাধীন বাড়িতে পাইলিংয়ের কাজ চলাকালে ওই শ্রমিকের মৃত্যু হয়।
নিহত শ্রমিক হলেন মো. হাসান (২২)। বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছার কলাকান্দা এলাকায়। স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, পাইলিং কাজের ঠিকাদারের নির্দেশে পাইলিং যন্ত্র হাসানের ওপর ফেলে দিয়ে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফতুল্লার পাগলা শান্তিনিবাস এলাকায় নাছিমা বেগমের বাড়িতে নির্মাণকাজ চলছে। পাইলিং চলাকালে ঠিকাদার সাইফুলের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে হাসানের বাগ্বিতণ্ডা হয়। এরপর পাইলিংয়ের কাজ চলাকালে সাইফুল ইচ্ছাকৃতভাবে হাসানকে লক্ষ্য করে তাঁর ওপর পাইলিংয়ের যন্ত্র ফেলে দেন। লোহার আঘাতে ঘটনাস্থলেই হাসান মারা যান। তবে ঘটনা ধামাচাপা দিতে নির্মাণাধীন বাড়ির মালিক নাছিমা বেগম ও ঠিকাদার সাইফুল দুর্ঘটনায় হাসান নিহত হয়েছেন বলে প্রচারণা চালান। তড়িঘড়ি লাশ ময়মনসিংহ গ্রামের বাড়ির উদ্দেশে পাঠিয়ে দেওয়া হয়।
ফতুল্লা মডেল থানার এসআই সাঈদুজ্জামান বলেন, পুলিশ রাজধানীর পোস্তগোলা এলাকা থেকে লাশ বহনকারী ভ্যানটি আটক করে।