ফতুল্লায় পুলিশ সদস্যের সন্তানকে অপহরণের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি স্কুলের সামনে থেকে পুলিশ সদস্যের শিশুসন্তানকে অপহরণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় অভিভাবকদের ধাওয়ায় শিশুটিকে ছেড়ে দিয়ে দুর্বৃত্তরা মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায়। গত বৃহস্পতিবার শহরের চানমারী আজমেরীবাগ এলাকায় নিউক্লিয়াস স্কুলের সামনে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে গতকাল শুক্রবার শিশুটির বাবা বাবলু মিয়া বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।
বাবলু মিয়া জেলা পুলিশ সুপার কার্যালয়ে কন্ট্রোল রুমের ওয়্যারলেস অপারেটর হিসেবে কাজ করেন। তাঁর বাসা নিউক্লিয়াস স্কুলের কাছে। তাঁর মেয়ে ফেরদৌস বীথি (৮) এই স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী। বাবলু মিয়া বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় বীথিকে বাড়িতে আনার জন্য স্কুলে যান। সঙ্গে ছিল তাঁর সাড়ে তিন বছরের ছেলে শেখ সোয়েব হাসান। সোয়েবকে স্কুলের সামনে ছেড়ে দিয়ে তিনি অন্য অভিভাবকদের সঙ্গে গল্প করছিলেন। তখন একটি সাদা মাইক্রোবাসে করে আসা একদল দুর্বৃত্ত সোয়েবকে তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় শিক্ষার্থীদের অভিভাবকেরা তাদের ধাওয়া করেন। শিশুটিকে ছেড়ে দিয়ে মাইক্রোবাসে করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের আসামি করে মামলা হয়েছে। তদন্ত করে দুর্বৃত্তদের খুঁজে বের করার চেষ্টা চলছে।