ফতুল্লায় ফের সড়ক অবরোধ, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় এনায়েতনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা আসাদুজ্জামানকে মারধরের ঘটনায় গতকাল মঙ্গলবার আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলীয় নেতা-কর্মীরা।
এদিকে ইউপি চেয়ারম্যানের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে নারায়ণগঞ্জ সদরের সাতটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কার্যক্রম গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত বন্ধ রেখে প্রতিবাদ জানান জনপ্রতিনিধিরা। এরপর পঞ্চবটী এলাকায় জনপ্রতিনিধিরা সমাবেশ করেন। সেখানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ফতুল্লার পঞ্চবটী থেকে ধর্মগঞ্জ পর্যন্ত একটি সড়কসহ ড্রেনের নির্মাণকাজ এক মাস আগে শুরু হয়। পঞ্চবটী এলাকার গফুর সুপার মার্কেটের সামনে ড্রেন নির্মাণে বাধা দেন মার্কেটের মালিকের দুই ছেলে পিপুল ও মাসুদুর রহমান ওরফে ওলা মাসুদ। এ বিষয়ে চেয়ারম্যান আসাদুজ্জামান প্রতিবাদ করলে ওই দুই ভাই গত সোমবার দুপুরে তাঁকে মারধর করেন। এ ঘটনার প্রতিবাদে ওই দিন সড়ক অবরোধ ও বিক্ষোভ করা হয়। গতকাল সকাল নয়টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন দলীয় নেতা-কর্মীরা। এ সময় তাঁরা সড়কে টায়ার ফেলে অগ্নিসংযোগ করেন।
ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান সাংবাদিকদের বলেন, সরকারি কাজে বাধাদানকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় আসাদুজ্জামানের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। থানায় মামলা করার পরও সন্ত্রাসীদের গ্রেপ্তার করেনি পুলিশ। ফলে সদরের সব জনপ্রতিনিধি ঐক্যবদ্ধ হয়ে আলীরটেক, বক্তাবলী, কাশীপুর, গোগনগর, কুতুবপুর, এনায়েতনগর ও ফতুল্লা ইউনিয়ন পরিষদের কার্যক্রম বন্ধ রেখে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। তবে নাগরিকদের জন্য জরুরি সেবা কার্যক্রম চালু রাখা হয়েছিল।
কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল বলেন, সন্ত্রাসীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে ফের অবরোধ কর্মসূচি পালন করা হবে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, প্রতিবাদকারীদের মধ্যে ঢুকে কিছু দুষ্কৃতকারী অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল। তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করা হয়েছে। আর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।