ফতুল্লায় বেড়েছে যৌন নিপীড়ন ধরাছোঁয়ার বাইরে অপরাধীরা
নারায়ণগঞ্জের ফতুল্লা শিল্পাঞ্চলে যৌন নিপীড়নের ঘটনা বেড়েছে। সেখানে সম্প্রতি শতাধিক নারী যৌন হয়রানির শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে সাতটি। বেশির ভাগ ভুক্তভোগীই লোকলজ্জা বা ভয়ে থানা-পুলিশের শরণাপন্ন হচ্ছেন না। ফলে অপরাধীরাও থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।
জেলা সিপিবি ও ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি হাফিজুল ইসলাম বলেন, ফতুল্লা অঞ্চলে কর্মজীবী থেকে শুরু করে গৃহবধূ এমনকি সাধারণ তরুণীরা পর্যন্ত যৌন হয়রানির শিকার হচ্ছেন। নারী শ্রমিকেরা রাতের পালায় কাজ শেষে বাড়ি ফেরার পথে নির্যাতনের শিকার হন। রাজনৈতিক দলের ক্যাডার, বখাটে ও মাদকাসক্ত ব্যক্তিরা এসব ঘটনা ঘটাচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, সদর উপজেলার ফতুল্লা, এনায়েতনগর, কাশীপুর, বক্তাবলী ও কুতুবপুর ইউনিয়ন নিয়ে ফতুল্লা শিল্পাঞ্চল গঠিত। এই শিল্পাঞ্চলে পাঁচ শতাধিক কারখানা আছে। এর অধিকাংশই রপ্তানিমুখী। এসব কারখানায় দুই লাখ শ্রমিক কাজ করেন। তাঁদের মধ্যে নারী শ্রমিকের সংখ্যা লক্ষাধিক। প্রশাসনের হিসাবে, এ অঞ্চলের লোকসংখ্যা সাত লাখ।
মামলা সূত্রে জানা যায়, কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে গত ৭ ফেব্রুয়ারি রাতে ভোলাইল এলাকায় এক পোশাককর্মীকে (১৭) ছুরির ভয় দেখিয়ে ধর্ষণ করে দুই যুবক। ১২ ফেব্রুয়ারি কোতালেরবাগ এলাকার রজব আলীর বাড়ি থেকে জোসনা বেগম (৩৮) নামের এক গৃহবধূর বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। জোসনাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। ১৬ ফেব্রুয়ারি দক্ষিণ সস্তাপুর এলাকায় ভালো চাকরি দেওয়ার কথা বলে রাতে বাসা থেকে ডেকে নিয়ে এক কিশোরীকে ধর্ষণ করে স্থানীয় আবুল কাশেমের ছেলে মাসুদ।
ফতুল্লার ভূঁইঘর এলাকায় ১৮ ফেব্রুয়ারি সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে রাকিব নামের এক বখাটে। এ ঘটনায় সহযোগিতার অভিযোগে মাকসুদা বেগম নামের এক পোশাককর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৩ ফেব্রুয়ারি মাসদাইর এলাকায় ফ্ল্যাটের ভেতরে ঢুকে গৃহকর্ত্রীকে আটকে রেখে গৃহকর্মীকে গণধর্ষণ করে চার সন্ত্রাসী। ফতুল্লা থানার পাগলা দৌলতপুর এলাকায় ধর্ষণে ব্যর্থ হয়ে এক শ্রমিকের হাতের রগ কেটে দেওয়া হয়। এ ঘটনা গত ২৭ ফেব্রুয়ারির।
এর আগে গত ২৫ জানুয়ারি কোতালেরবাগ এলাকায় এক এসএসসি পরীক্ষার্থীকে বাড়ি থেকে তুলে নিয়ে দুই দিন আটকে রেখে ধর্ষণ করে সন্ত্রাসী উজ্জ্বল। ২৭ জানুয়ারি পাগলা চিতাশাল মুসলিমপাড়া এলাকায় টেক্সটাইল মিলের কর্মী দুই বোনকে রাস্তা থেকে ধরে নিয়ে ফতুল্লা থানা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবিরের ছেলে বাপ্পী ও তার বন্ধু জগদীস ওরফে জগা ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় দুই বোনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। পরে পুলিশ জগাকে গ্রেপ্তার করে।
জানতে চাইলে মুক্তিযোদ্ধা, সমাজকর্মী ও এনজিও সংগঠক ফরিদা আক্তার বলেন, সরকারি হিসাবে ফতুল্লা অঞ্চলে লোকসংখ্যা সাত লাখ। একটি মাত্র থানার পুলিশ দিয়ে পুরো অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা করা সম্ভব হচ্ছে না। বর্তমানে রাজনৈতিক সহিংসতা দমনে ব্যস্ত থাকায় পুলিশ আইনশৃঙ্খলার স্বাভাবিক কাজেও সময় দিতে পারছে না। সে সুযোগেই অপরাধ বেড়েছে। তাঁর অভিযোগ, অনেক অপরাধী রাজনৈতিক পরিচয়পুষ্ট হওয়ায় পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান বলেন, ধর্ষণ, নির্যাতন ও যৌন হয়রানির বিষয়ে কোনো অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়। সন্ত্রাসী বাপ্পীকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।