ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের হামলায় আহত ৮
নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় গত বৃহস্পতিবার রাতে মাদক ব্যবসায়ীদের হামলায় আটজন আহত হয়েছে। এ ঘটনায় গতকাল শুক্রবার দুজনকে আটক করেছে পুলিশ।
আটক বিল্লাল হোসেন ও ইমরান হোসেনের বাড়ি ঢাকার কদমতলী বাজার এলাকায়। তাঁদের বিরুদ্ধে কদমতলী থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, নারায়ণগঞ্জ ও কদমতলী থানা এলাকার সীমান্তবর্তী এলাকা উত্তর ফতুল্লার রসুলপুর। ওই এলাকায় বিল্লাল ও ইমরানের নেতৃত্বে মাদক ব্যবসা পরিচালিত হয়। প্রতিবাদ করলে বৃহস্পতিবার রাত ১০টায় উত্তর রসুলপুর এলাকায় ওই দুজনের নেতৃত্বে একদল মাদক ব্যবসায়ী এলাকাবাসীর ওপর হামলা চালায়। তারা গুলি ছোড়ে এবং বোমার বিস্ফোরণ ঘটায়। এতে লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি করে। এ সময় নাসির উদ্দিন, অলি মিয়া, রাসেল মিয়া, মো. রতন ও চা-দোকানি কবির শেখসহ অন্তত আটজন আহত হন। তাঁরা কবির শেখের চা-দোকান ও অলি মিয়ার বাড়িতে ভাঙচুর করেন। পরে কয়েকজন মসজিদের মাইকে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এবং থানায় খবর দেন। পরে এলাকাবাসী, কদমতলী ও ফতুল্লা থানার পুলিশের ধাওয়ায় সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।