ফতুল্লায় মুখোশধারী সন্ত্রাসীদের তাণ্ডব, ১০ জন আহত
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার গাবতলী এলাকায় গত মঙ্গলবার রাতে একদল মুখোশধারী সন্ত্রাসী দেড় ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়েছে। তারা স্থানীয় মসজিদ, প্রাথমিক বিদ্যালয়, ২০টি বাড়ি এবং ২৫টি দোকানে হামলা চালায়। এ সময় তারা এলোপাতাড়ি কুপিয়ে ১০ জনকে আহত করে। আহত ব্যক্তিদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে আটক করেছে। এ ছাড়া পুলিশ গতকাল বুধবার দুপুরে ওই এলাকা থেকে চারটি ছোরা উদ্ধার করেছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত ১০টায় কালো মুখোশধারী ২৫-৩০ জন সন্ত্রাসী রামদা, ছোরা, চাপাতিসহ ধারালো অস্ত্র নিয়ে গাবতলী এলাকায় হামলা চালায়। তারা মসজিদের লাশের খাটিয়া রাখার ঘর, প্রাথমিক বিদ্যালয়ের বাঁশের বেড়া, ২০টি বাড়ির দরজা-জানালা ও ২৫টি দোকানে ভাঙচুর চালায়। এ সময় তারা স্থানীয় দোকানদার ও পথচারীদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ইয়াসিন, মোমেন, মহসিন, মজিবর, আলম, কালামসহ ১০ জন আহত হন। সন্ত্রাসীরা এলাকার খালেক নামের এক ব্যক্তির বাড়িতে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায়।
সন্ত্রাসীদের হামলার সময় পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এলাকাবাসীর ধারণা, গাবতলী ও ইসদাইর এলাকার দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে ওই হামলার ঘটনা ঘটে।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে। গতকাল দুপুরে পরিত্যক্ত অবস্থায় চারটি ছোরা উদ্ধার করা হয়। হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে। ওসি জানান, গাবতলী এলাকায় একটি মাজার রয়েছে। ২৫ অক্টোবর ওই মাজারে ওরস উপলক্ষে মেলা বসার কথা রয়েছে। এই মেলার নিয়ন্ত্রণ নিয়ে ঘটনাটি ঘটেছে।