নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গতকাল মঙ্গলবার বিকেলে গার্মেন্টসের ঝুট ব্যবসায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুজন গুলিবিদ্ধসহ কমপক্ষে আরও ১০ জন আহত হন। গুলিবিদ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার ফতুল্লার কেতাবনগর এলাকার একটি গার্মেন্টসের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই রফিক ও মিজান বাহিনীর মধ্যে বিরোধ চলে আসছিল। দুই পক্ষের মধ্যে এর আগেও কয়েকবার ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁতীপাড়া এলাকায় উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষই আগ্নেয়াস্ত্র নিয়ে একে অন্যকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। উভয় পক্ষ ১৫ থেকে ২০টি গুলি ছোড়ে। এতে রফিকের পক্ষের উজ্জ্বল ও মিজানের পক্ষের মন্টু মিয়া গুলিবিদ্ধ হন। সংঘর্ষে আরও আটজন আহত হয়েছেন। তাঁদের এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁদের পরিচয় পাওয়া যায়নি।