ফতুল্লায় সারোয়ার-তামিম গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলীতে অভিযান চালিয়ে সন্দেহভাজন তিন জঙ্গিকে র্যাব গ্রেপ্তার করেছে। র্যাব বলছে, তাঁরা জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সদস্য।
গতকাল শুক্রবার রাত ১১টার দিকে বক্তাবলীর লাল মিয়ার চরের চর বয়রাকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে বিদেশি পিস্তল, বিদেশি রিভলবার, পাঁচটি গুলি, জঙ্গি বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কুমিল্লা জেলার মুরাদনগর এলাকার মো. ওয়ালি উল্লাহ চিশতী ওরফে জনি ওরফে মোহাম্মদ ওরফে আবু ওমর (২৭), একই জেলার দেবিদ্বার এলাকার মো. কামরুল হাসান ওরফে হৃদয় (৩৫) ও বাগেরহাট জেলার মোল্লারহাট এলাকার মো. আল আমিন শেখ ওরফে রাজিব ওরফে রাজিব ইসলাম শেখ ওরফে শেখ (২৫)।
র্যাব-১১ ব্যাটালিয়ন কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল কামরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, জঙ্গি সংগঠনের বেশ কয়েকজন সদস্য নাশকতার উদ্দেশে গোপন বৈঠক করছিলেন। এ সময় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, তাঁরা নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সারোয়ার-তামিম গ্রুপের সদস্য। তাঁরা নাশকতার পরিকল্পনার জন্য শীর্ষ এক নেতার নেতৃত্বে গোপন বৈঠক করছিলেন।