ফতুল্লায় সুতা ব্যবসায়ী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক সুতা ব্যবসায়ী খুন হয়েছেন। গত শুক্রবার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের (লিংক রোড) ফতুল্লার দেলপাড়া এলাকা থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে। পুলিশ বলেছে, ছিনতাইকারীরা তাঁকে হত্যা করে টাকা ও মুঠোফোন নিয়ে গেছে।
নিহত ব্যবসায়ীর নাম নিত্য গোপাল সাহা (৩৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউফতেপুর গ্রামের মৃত হৃদয় সাহার ছেলে। শহরের টানবাজার এলাকায় তাঁর একটি ব্যবসাপ্রতিষ্ঠান আছে।
নিত্য গোপাল সাহার স্ত্রী জানান, শুক্রবার সকালে তাঁর স্বামী ব্যবসায়িক কাজে নরসিংদীর মাধবদীতে গিয়েছিলেন। শুক্রবার সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে তিনি মুঠোফোনে ফোন করলে নিত্য গোপাল জানান, বাস থেকে সাইনবোর্ড এলাকায় নেমে সিএনজিচালিত অটোরিকশায় উঠছেন। ১০ মিনিটের মধ্যেই বাসায় পৌঁছাবেন। ১০ মিনিট পর তিনি স্বামীর মুঠোফোনে আবার ফোন করলে সেটি বন্ধ পান। বেশ কয়েকবার চেষ্টার পরও মুঠোফোন বন্ধ পাওয়ায় তিনি বিষয়টি স্বামীর কয়েকজন বন্ধুকে জানান।
নিত্য গোপালের স্ত্রী আরও জানান, রাত সাড়ে নয়টার দিকে স্বামীর কয়েকজন বন্ধু সিদ্ধিরগঞ্জে তাঁকে (নিত্য গোপাল) খুঁজতে যান। সংযোগ সড়কের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় যান। সেখানে তাঁরা পুলিশের একটি টহল দলকে নিত্য গোপালের নিখোঁজ হওয়ার বিষয়টি জানান। টহল দলের সদস্যরা জানান, দেলপাড়া এলাকায় রাস্তার ঢাল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পরে তাঁরা সেখানে গিয়ে লাশটি নিত্য গোপালের বলে শনাক্ত করেন। তাঁর কাছে থাকা মুঠোফোনের সেট, মানিব্যাগসহ অন্যান্য জিনিস পাওয়া যায়নি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, নিত্য গোপালের লাশ গত শুক্রবার রাতেই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, সিএনজিচালিত অটোরিকশায় ফেরার পথে তিনি ছিনতাইকারীদের খপ্পরে পড়েন। তারাই তাঁকে হত্যার পর অটোরিকশা থেকে ফেলে দিয়েছে।