ফরম জমা দিতে হয় দালালদের মাধ্যমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) করার কাজ শুরু হতে না হতেই দালালদের মাধ্যমে হয়রানি শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, কার্যালয়ের উপসহকারী পরিচালক শেখ মাহবুবুর রহমানের কাছে সরাসরি পাসপোর্ট ফরম দিতে গেলে অধিকাংশ ব্যক্তিকেই নানা ধরনের ত্রুটির কথা বলে ফিরিয়ে দিচ্ছেন। কিন্তু কয়েকজন দালালের মাধ্যমে টাকা দিলে ঠিকই ফরম জমা নিচ্ছেন।
সাতক্ষীরা থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা গত সোমবার দুপুর ১২টায় ওই কার্যালয়ে অভিযান চালিয়ে এমন চার দালালকে গ্রেপ্তার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে সাত দিন করে কারাদণ্ডাদেশ ও দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।
সাজা পাওয়া ব্যক্তিরা হলেন পুরোনো সাতক্ষীরা এলাকার মো. রিপন হোসেন, রেজিস্ট্রি অফিস পাড়ার আবদুল মালেক, কাটিয়ার সাইদ হোসেন ও নাজমুল হোসেন।
শহরের কাছারিপাড়ায় তিনতলা ভবন ভাড়া নিয়ে ২০১২ সালের ১২ ডিসেম্বর থেকে সাতক্ষীরায় আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় চালু করা হয়। ৩ সেপ্টেম্বর থেকে সেখানে এমআরপি পাসপোর্ট তৈরির কাজ শুরু হয়েছে।
এমআরপি পাসপোর্ট করতে আগ্রহী সাতক্ষীরা শহরের আমিনুল ইসলাম ও মরিয়ম ইসলাম জানান, তাঁরা পাসপোর্ট করার জন্য ছয় দিন ধরে ফরম জমা দিতে আসছেন। প্রতিদিন ফরম ও কাগজপত্রে কোনো না কোনো ভুল দেখিয়ে তাঁদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। একটি ভুল সংশোধন করে আনলে আরেকটি ভুল দেখানো হচ্ছে।
সাতক্ষীরা শহরের মাগুরা এলাকার তপন কুমার বলেন, তিনি কয়েক দিন ঘুরে পাসপোর্ট ফরম জমা দিতে পারেনি। গত সোমবার রিপন নামের এক ব্যক্তি পাসপোর্ট করিয়ে দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে এক হাজার ৩০০ টাকা নেন।
পুলিশের হাতে গ্রেপ্তারের পর চার ব্যক্তি জানান, তাঁরা পাসপোর্ট করতে আসা লোকদের ফরম পূরণসহ আনুষঙ্গিক কাজ করে দেন। বিনিময়ে তাঁরা ২০০-৩০০ টাকা করে নেন। এক প্রশ্নের জবাবে তাঁরা জানান, উপসহকারী পরিচালক শেখ মাহবুবুর রহমান তাঁদের একটু-আধটু সুযোগ দিয়ে থাকেন।
তবে শেখ মাহবুবুর রহমান দাবি করেন, তাঁর সঙ্গে কোনো দালাল চক্রের যোগাযোগ নেই।
সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক মাকছুদুর রহমান জানান, তিনি রোববার যোগ দিয়েছেন। দালালদের মাধ্যমে টাকা লেনদেনের বিষয়ে কিছু জানেন না। আবেদন ফরমে কোনো ভুল থাকলে তাঁদের নিজস্ব হেল্প ডেস্ক আছে। সেখান থেকে সহযোগিতা নিতে পারেন পাসপোর্ট করতে আগ্রহী ব্যক্তিরা।