ফরম পূরণ ও বিশেষ পাঠদানের নামে বাড়তি অর্থ আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার হোসেন আলী বালিকা উচ্চবিদ্যালয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ ও বিশেষ পাঠদানের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের কাছ থেকে বোর্ড নির্ধারিত ফির চেয়ে প্রায় ২০০ টাকা বেশি নেওয়া হচ্ছে।

উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে বোর্ড থেকে মানবিক বিভাগের জন্য ১ হাজার ৩৫০ টাকা ও বিজ্ঞান বিভাগের জন্য ১ হাজার ৩৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে প্রত্যেক শিক্ষার্থীকে কেন্দ্র বাবদ আরও ৩০০ টাকা দিতে হবে।

শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী বছর এসএসসি পরীক্ষায় ৬১ শিক্ষার্থী অংশ নেবে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ১ হাজার ৯০০ এবং মানবিক বিভাগের জন্য ১ হাজার ৮০০ টাকা নেওয়া হয়েছে। এ বছর বিদ্যালয়ের নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৪০ জন। বাকি ২১ জন এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছে। তাদের বিশেষ পাঠদানের জন্য বোর্ড নির্ধারিত ফিসহ ৬ হাজার করে টাকা দিতে হয়েছে। অন্য শিক্ষার্থীদের কাছ থেকে বিশেষ পাঠদান (কোচিং) হিসেবে তিন মাসের জন্য ২ হাজার ১০০ টাকা আদায় করা হয়েছে। গত ১৮ নভেম্বর ফরম পূরণের কার্যক্রম শেষ হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলে, ‘আমি নির্বাচনী পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হয়েছিলাম। ফরম পূরণসহ বিশেষ পাঠদানের জন্য ৬ হাজার টাকা দিতে হয়েছে। পরিবার ঋণ করে টাকা জোগাড় করেছিল।’

নাম প্রকাশে অনিচ্ছুক অন্তত পাঁচজন অভিভাবক বলেন, অতিরিক্ত টাকা দিতে আপত্তি জানালে শিক্ষকেরা ছেলেমেয়েদের অন্যত্র পড়াশোনা করার কথা বলেন। অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার দাবি জানান তাঁরা।

এ সম্পর্কে প্রধান শিক্ষক আবদুল হালিম বলেন, মানবিক বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ১ হাজার ৮০০ আর বিজ্ঞান বিভাগের জন্য ১ হাজার ৯০০ টাকা নেওয়া হয়েছে। ব্যবস্থাপনা কমিটি, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলে যারা দুর্বল, তাদের বিশেষ পাঠদানের জন্য ২ হাজার ১০০ টাকা করে নেওয়া হয়েছে। কোনো শিক্ষার্থীর কাছ থেকে ৬ হাজার টাকা নেওয়া হয়নি।

ব্যবস্থাপনা কমিটির সভাপতি জামাল উদ্দিন বলেন, ‘অতিরিক্ত টাকা আদায়ের কথা আমি শুনেছি। এ ব্যাপারে ব্যবস্থাপনা কমিটি কোনো সিদ্ধান্ত নেয়নি। অতিরিক্ত টাকা নিয়ে বিশেষ পাঠদানের সিদ্ধান্ত সম্পর্কে কিছু জানি না। অতিরিক্ত টাকা নেওয়া হলে প্রধান শিক্ষককে দ্রুত সভা করে শিক্ষার্থীদের ফেরত দিতে বলা হয়েছে।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবীর বলেন, ওই বিদ্যালয়ে অতিরিক্ত টাকা আদায়ের বিষয়টি শুনেছি। বোর্ড নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। তবে বিশেষ পাঠদানের জন্য বিষয়প্রতি মাসে ১৫০ টাকা নেওয়া যাবে। এ বিষয়ে খোঁজখবর নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।