কলেজ কর্তৃপক্ষ অতিরিক্ত টাকা দাবি করায় এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করতে না পেরে জামালপুরের ইসলামপুর ডিগ্রি কলেজে শিক্ষার্থীরা গতকাল শনিবার বিক্ষোভ মিছিল, শ্রেণিকক্ষে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এ সময় শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের উপাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহম্মেদের দাবি করা অতিরিক্ত পাঁচ হাজার টাকা না দিতে পারায় তারা ফরম পূরণ থেকে বঞ্চিত হয়েছে।
উপাধ্যক্ষ ফরম পূরণে পাঁচ হাজার টাকা অতিরিক্ত ধার্য করার কথা স্বীকার করে বলেন, অকৃতকার্য ৪২ জন শিক্ষার্থীর কথা চিন্তা করে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী অতিরিক্ত পাঁচ হাজার টাকা করে ধরা হয়। কিন্তু শর্ত ছিল, যারা এইচএসসি পরীক্ষায় পাস করবে, তাদের সেই পাঁচ হাজার টাকা ফেরত দেওয়া হবে। ওই ৪২ জনের মধ্যে পাঁচজন এই শর্ত মেনে ফরম পূরণ করেছে। বাকি ৩৭ জন শর্ত অনুযায়ী ফরম পূরণ না করে শনিবার শ্রেণিকক্ষে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করতে থাকে। এ সময় কলেজের শিক্ষক-কর্মচারীরা ভাঙচুর ও অগ্নিসংযোগ না করার জন্য তাদের বলতে সেখানে গেলে তারা পালিয়ে যায়।
কলেজ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলেজে গত ২২ ডিসেম্বর থেকে এইচএসসির ফরম পূরণ হয়। ১৫ জানুয়ারি ছিল এর শেষ তারিখ। নির্বাচনী পরীক্ষায় ৪২ জন অকৃতকার্য হয়। এদের মধ্যে পাঁচজন অতিরিক্ত ৫ হাজার টাকাসহ মোট ৬ হাজার ৮০০ টাকা করে দিয়ে ফরম পূরণের সুযোগ পায়। বাকি ৩৭ জন ফরম পূরণ না করতে পেরে গতকাল দুপুরে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একটি শ্রেণিকক্ষের চেয়ার, টেবিল, বেঞ্চ ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে কলেজের শিক্ষক-কর্মচারী ও উপাধ্যক্ষের লোকজন ওই সব শিক্ষার্থীকে মারধর শুরু করলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কাউছার আহম্মেদসহ তিন শিক্ষার্থী আহত হয়।
মানবিক শাখার দ্বিতীয় বর্ষের ছাত্র কাউছার আহম্মেদ বলেন, ‘নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হয়েছি। এর আগে অনেক শিক্ষার্থী অকৃতকার্য হয়েও ফরম পূরণ করেছে। কিন্তু কলেজের উপাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহম্মেদ আমাদের ফরম পূরণের জন্য অতিরিক্ত পাঁচ হাজার টাকাসহ ছয় হাজার ৮০০ টাকা ধার্য করেন। এত টাকা দিতে না পারায় আমাদের ফরম পূরণ করতে দেওয়া হয়নি। আজ (গতকাল) শিক্ষার্থীরা অতিরিক্ত টাকা কমানো ও ফরম পূরণের জন্য উপাধ্যক্ষের কক্ষে গেলে তিনি আমাদের পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি দেন।’ বিজ্ঞান শাখার দ্বিতীয় বর্ষের ছাত্র মো. লিঙ্কন সরকার বলেন, ‘অন্যায়ভাবে অতিরিক্ত টাকা দাবি করার কারণে ফরম পূরণ করতে পারিনি। বরং উপাধ্যক্ষের লোকজন লাঠি নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করে কলেজ থেকে শিক্ষার্থীদের বের করে দিয়েছেন।’ তবে উপাধ্যক্ষ হুমকি এবং হামলার অভিযোগ অস্বীকার করেছেন।
কলেজের অধ্যক্ষ মুনছুর আহম্মেদের সঙ্গে যোগাযোগের জন্য গতকাল একাধিকবার ফোন দেওয়া হলেও মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।